রামাদির কাছে জড়ো হচ্ছে শিয়া যোদ্ধারা
ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি ইসলামিক স্টেট (আইএস) দখল করে নেয়ার পর শহরটি পুনর্দখলের লড়াইয়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে জড়ো হচ্ছে শিয়া মিলিশিয়া যোদ্ধারা।
গত গ্রীষ্মের পর থেকে রামাদি হাতছাড়া হওয়াটাই ইরাক সরকারের সবচেয়ে বড় পরাজয়।
রোববার এ পরাজয়ের মুখে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি রামাদিতে হাশিদ শাবি নামের এ শিয়া মিলিশিয়া বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। দলটির মুখপাত্রও জানান, হাশিদ লড়াইয়ে নামার নির্দেশ পেয়েছে এবং তারা এতে অংশ নেবে।
এরপরপরই শিয়া যোদ্ধাদের রামাদির পূর্বাঞ্চলে সমবেত হওয়ার খবর আসে। প্রাদেশিক পরিষদের একটি বিবৃতিতে বলা হয়, প্রায় ৩ হাজার শিয়া যোদ্ধা রামাদিতে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে আনবারে পৌঁছেছে।
ইরাকের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সারি সারি ট্যাংক ও অন্যান্য সামরিক যান রামাদির কাছে আল হাব্বানিয়া সামরিক ঘাঁটিতে প্রবেশ করছে।
আনবারের প্রাদেশিক পরিষদের প্রধান সাবাহ কারোট বলেছেন, হাশিদ শাবি বাহিনী হাব্বানিয়া ঘাঁটিতে পৌঁছেছে এবং এখন তারা প্রস্তুত হয়ে আছে।
গত এপ্রিলে বাগদাদের উত্তরে আরেকটি শহর তিকরিত আইএস এর দখলমুক্ত করতে মূল ভূমিকা পালন করে এই শিয়া বাহিনী।
সুন্নি মুসলিম অধুষ্যিত রামাদিতে শিয়া বাহিনীর লড়াইয়ে গোষ্ঠীগত সংঘাত উস্কে উঠতে পারে বলে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ। তিকরিতে ব্যাপক সহিংসতা এবং লুটপাটের মুখে এ শিয়া মিলিশিয়া বাহিনীকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছিল।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এর আগে এ বাহিনী মোতায়েনে দ্বিধা করলেও পরে তিনি তা মোতায়েনের নির্দেশ দেন। তিকরিতের লড়াইয়ে জয়ের পরই আবাদি আনবার প্রদেশে একই ধরনের অভিযান শুরু ঘোষণা দিয়েছিলেন।
এখন রামাদির পতনের পর আবাদি এবং আনবারের সুন্নি অধুষ্যিত প্রাদেশিক পরিষদকে অনিচ্ছা সত্ত্বেও ইরান-সমর্থিত শিয়া বাহিনীকে ডাকতে হল। রামাদি পুনর্দখলে এ বাহিনীই মূল ভূমিকা পালন করবে।
