টেক্সাসে গুলির ঘটনার পর গ্রেপ্তার ১৯২
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদ্বন্দ্বী কয়েকটি বাইকার গ্যাংয়ের গোলাগুলিতে নয়জন নিহত ও অন্তত ১৮ জন আহতের ঘটনার পর ১৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের অভিযোগ আনা হতে পারে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় দুপুরের পর টেক্সাসের ওয়াকো শহরের ব্যস্ত বিপণি এলাকায় টুইন পিকস স্পোর্টস বার অ্যান্ড গ্রিল নামের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনাঘটে।
এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ওয়াকো ট্রিবিউন-হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ওই রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
মাইকেল লোগান নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, অন্তত ৩০টি অস্ত্র থেকে কয়েকশ রাউন্ড গুলি ছোড়া হয়।
এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন, হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয় বলে ওয়াকো পুলিশ জানিয়েছে।
ওই রেস্তোরাঁয় যারা খেতে এসেছিলেন এবং যারা কাজ করছিলেন, তারা সবাই গুলি থেকে বাঁচতে খাবার রাখার একটি হিমঘরে আশ্রয় নেন। পরে পুলিশ এসে পাহারা দিয়ে তাদের সরিয়ে নেয়।
ওয়াকো পুলিশের ধারণা, রেস্তোরাঁর পার্কিং স্পেসে বাইক রাখার জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বাইকারদের পাঁচটি দল এ ঘটনায় জড়িত বলে বিবিসির প্রতিবেদনে বলাহয়।
স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন জানান, মারামারি শুরু হয় ঘুষাঘুষি দিয়ে। এরপর চেইন, গদা, ছুরি এবং শেষপর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রুপগুলো রীতিমতো যুদ্ধ বাধিয়ে দেয়।
“আমার ৩৪ বছরের পুলিশের চাকরিতে এমন ঘটনা আমি খুব বেশি দেখিনি”, বলেন তিনি।
সার্জেন্ট সোয়ানটন জানান, গোলাগুলি শুরুর পর পুলিশ সেখানে অবস্থান নেয় এবং অস্ত্রসহ অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
“বাইকারদের এসব গ্যাং খুবই ভয়ঙ্কর। বহু নিরীহ মানুষ হয়ত আজ আহত হয়েছে।”
এসব গ্যাংয়ের সদস্যরা সরে গিয়ে শহরের অন্য কোথাও আবারও সংঘর্ষে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
গোলাগুলির ঘটনায় ১৯২ জনকে আটক করা ছাড়াও টুইন পিকস রেস্তোঁরা সাময়িকভাবে অন্তত ১ সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ আরো ব্যবস্থা নিতে পারে। ঘটনাটির পর থেকেই পুলিশ হুমকি পাচ্ছে বলে জানিয়েছেন ওয়াকোর পুলিশ সার্জেন্ট প্যাট্রিক সোয়ানটন।
