পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ৬
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সন্দেহভাজন ছয় জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে একটি বাড়িতে হামলাটি চালানো হয়। ড্রোন থেকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় জঙ্গি নিহত হন। নিহতদের বেশিরভাগই বিদেশি জঙ্গি বলে জানিয়েছে সূত্রগুলো।
প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার কথা বলা হলেও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর চালানো জঙ্গিবিরোধী অভিযান জার্ব-ই-আজাব থেকে বাঁচতে দত্তখেল ও শাওয়াল উপত্যকা এলাকায় এসে আশ্রয় নিয়েছে দেশি-বিদেশি জঙ্গিরা। তারপর থেকে এ দুটি এলাকা পাকিস্তান সামরিক বাহিনীর বিমান হামলা ও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রধান লক্ষে পরিণত হয়েছে।
