মানবপাচারের সন্দেহে থাইল্যান্ডে গ্রেপ্তার ২৩
মানবপাচারে জড়িত সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
সন্দেহভাজন আরো ৬১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
সংখ্যলা প্রদেশের পুলিশ বিভাগের উপপ্রধান কর্মকর্তা ফুত্তিকার্ট একাচান বলেছেন, যে সব পাচারকারী এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরার অভিযান শুরু করেছে পুলিশ।
এ পর্যন্ত আটকৃতদের মধ্যে আছেন স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারাও।তথ্যপ্রমাণ সাপেক্ষে যাদেরকেই সন্দেহ হবে পুলিশ তাদেরকেই পাকড়াও করবে, তা সমাজে তাদের অবস্থান যাই হোক না কেন, বলেন একাচান।
রোহিঙ্গা পাচারের মূল হোতা সন্দেহে পাচুবান আংখাচোতেপান বা ‘কো টোং’ কে খুঁজতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের জাতীয় উপপুলিশ প্রধান।
পাচুবান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে থাই সীমান্ত সংলগ্ন মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।
সন্দেহভাজন আরো অনেকেই থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় আত্মগোপন করে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে বিচারের আওতায় আনতে থাই কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক পুলিশ এবং মালয়েশিয়ার সহযোগিতা চাইছে।
