নেপালে মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯৬
নেপালে মঙ্গলবারের ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে।
আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৮ জনে। ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে কাজ চালাতে হচ্ছে।
নেপালে দ্বিতীয় এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোদারি থেকে ১৮কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। এলাকাটি থেকে রাজধানীর কাঠমান্ডুর দূরত্ব ৭৬ কিলোমিটার।
কম্পনে অবকাঠামো এবং জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দোলাখার চারিকোট এবং সিন্ধুপালচোকের চৌতারায়। এসব এলাকায় ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তুপেচাপা পড়ে নিহত হয় বহু মানুষ। ধ্বংসস্তুপ থেকে টেনে বের করা হয় বহু লাশ।
জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ চলার পাশাপাশি খোঁজা হচ্ছে ৮ আরোহী নিয়ে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ত্রাণবাহী হেলিকপ্টারটিও।
নেপালের কাঠমান্ডুতে গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৮ হাজার ২শ’ মানুষ নিহতের ধাক্কা সমলাতে না সামলোতেই সংঘটিত আরেকটি ভূমিকম্পের ধকল সামলাতে ত্রাণ সংস্থাগুলো আরো তহবিলের জন্য আবেদন জানিয়েছে।
মঙ্গলবারের ভূমিকম্পটি ছিল অনেকটা আগের ভূমিকম্পটির মতোই। এ ধরনের ভূমিকম্প অনেকবেশি প্রাণঘাতী হয়, কারণ এতে করে স্বল্পএলাকাজুড়ে কম্পনটির তীব্রতা অধিকমাত্রায় অনুভূত হয়।
