২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের পারাঘাতে কাঁপছে নেপাল, মৃত ৬৭

দ্বিতীয়বারের মতো বড় ভূমিকম্পের পর অবিরাম পরাঘাতে কেঁপে উঠছে নেপাল। মঙ্গলবারের ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৬ টি পরাঘাত হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 02:04 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

নেপালের ৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার জনে। শরণার্থী এবং মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নেপালের ভূমিকম্পের আঁচে ভারতে নিহত হয়েছে ১৭ জন।

নেপালে অনবরত ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে অধিবাসীরা।  মঙ্গলবার ভূমিকম্পের ৩০ মিনিট পর থেকেই চলছে পরবর্তী কম্পন।

বুধবার ভোররাত পর্যন্ত অনুভূত হয়েছে ৯ টি পরাঘাত।  একইদিনে স্থানীয় সময় সকাল ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টার মধ্যে অনুভূত হয়েছে আরো অন্তত ৫ টি পরাঘাত।  প্রতিটিই ছিল ৪ মাত্রার ওপরে। কোনটি আবার ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রাও।

মঙ্গলবারের ভূমিকম্পটিকেও এর আগের ভূমিকম্পের পরাঘাত বলছেন অনেকে।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি থেকে ১৮কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। এলাকাটি থেকে রাজধানীর কাঠমান্ডুর দূরত্ব ৭৬ কিলোমিটার।

ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। গতমাসের ভূমিকম্পে ওই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের দোলাখা এলাকায় ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দোলাখার চারিকোট এবং সিন্ধুপালচোকের চৌতারায়। এসব এলাকায় ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তুপেচাপা পড়ে নিহত হয় বহু মানুষ। ধ্বংসস্তুপ থেকে টেনে বের করা হয় বহু লাশ।

জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ এখনো চলছে। একইসঙ্গে খোঁজা হচ্ছে ৮ আরোহী নিয়ে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ত্রাণবাহী হেলিকপ্টারটিও।

নেপালের কাঠমান্ডুতে গত ২৫ এপ্রিল  ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৮ হাজারেরও বেশি মানুষ নিহতের ধাক্কা সমলাতে না সামলোতেই সংঘটিত আরেকটি ভূমিকম্পের ধকল সামলাতে ত্রাণ সংস্থাগুলো আরো তহবিলের জন্য আবেদন জানিয়েছে।

ভূমিকম্প পরবর্তী কম্পনের কারণে ত্রাণ ও উদ্ধারকাজ অনেকটাই ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবারের ভূমিকম্পটি ছিল অনেকটা আগের ভূমিকম্পটির মতোই।  এ ধরনের ভূমিকম্প অনেকবেশি প্রাণঘাতী হয়, কারণ এতে করে স্বল্পএলাকাজুড়ে কম্পনটির তীব্রতা অধিকমাত্রায় অনুভূত হয়।