২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে স্বীকৃতির পথে ভ্যাটিকান

ফিলিস্তিনের সঙ্গে শিগগিরই একটি চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছে ভ্যাটিকান। এই চুক্তিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2015, 03:21 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভ্যাটিকানে যাওয়ার আগে বুধবার ঘোষণাটি দিল ভ্যাটিকান। 
 
ভ্যাটিকান থেকে প্রকাশিক এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষের চুক্তির বর্ণনা শেষ হয়েছে এবং তা ‘নিকট ভবিষ্যতে’ যথাযথ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সই করবেন। 
 
এতে ইসরায়েলের সঙ্গে স্থবির হয়ে যাওয়া দ্বিপাক্ষিক আলোচনাকে পাশ কাটিয়ে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের চেষ্টায় একটি নতুন মাত্রা যোগ হল বলে মনে করছেন বিশ্লেষকরা। 
 
 
রোববার ১৯ ও ২০শতকে ফিলিস্তিনে জন্ম নেয়া দুজন নানকে ভ্যাটিকানে এক প্রার্থনা সভার মাধ্যমে সন্ত উপাধি দেয়া হবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
 
এরপর পোপ ফ্রান্সিস আব্বাসের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এই বৈঠকে ফিলিস্তিনের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। 
 
২০১২ সাল থেকেই ভ্যাটিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে বিবেচনা করে আসছে বলে জানিয়েছে ‘হলি সি’।
 
ভ্যাটিকানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মনসিগনর আন্তোনে ক্যামিলেরি ভ্যাটিকানের দাপ্তরিক সংবাদপত্রকে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আশা করছেন এই চুক্তিটি ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করবে। 
 
জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১২ সালের ২৯ নভেম্বর এক প্রস্তাব পাশের মাধ্যমে ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেয়। ওই সময় জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল ভ্যাটিকান। 
 
ভ্যাটিকানও জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র।