২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে গেস্ট হাউসে বন্দুকধারীদের হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশিদের কাছে জনপ্রিয় একটি গেস্টহাউসে হামলা চালিয়েছে অজ্ঞাতবন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2015, 09:34 AM

Updated : 12 Oct 2022, 03:41 PM

বুধবার রাতে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের এক ও ভারতের দুই নাগরিকসহ অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। তবে নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে।
 
স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে শহরের কোলোলা পুশ্তা এলাকার পার্ক প্যালেস গেস্ট হাউসে হামলা শুরু হয়। সঙ্গে সঙ্গেই গেস্ট হাউসের আশপাশের এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্রায় পাঁচ ঘণ্টা পর হামলা থামানো সম্ভব হয়। 
 
বৃহস্পতিবার ভোরে কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, হামলায় অন্তত পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন। 
পরবর্তী সময়ে আফগান পুলিশের পক্ষ থেকে নিহতের সংখ্যা ১১ বলে উল্লেখ করা হয় বলে বিবিসি জানিয়েছে।
 

হামলার সময় গেস্ট হাউসটিতে একটি কনসার্ট চলছিল। খাবারের জন্য আসা লোকজন ও কনসার্টের দর্শক মিলিয়ে অন্ততপক্ষে ৪৪ জন হামলার সময় গেস্ট হাউসটিতে আটকা পড়েছিলেন। এদের সবাইকে পুলিশ ও বিশেষ বাহিনী উদ্ধার করেছে বলে জানিয়েছেন রাহিমি।  হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কাবুলস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র।  নিজেদের অন্ততপক্ষে দুজন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক ভারতীয় কূটনীতিক।  এছাড়া গেস্ট হাউসটিতে বাস করা অপর তিন ভারতীয় নাগরিককে উদ্ধার করে দূতাবাসের আশ্রয়ে রাখার কথাও জানিয়েছেন তিনি।  তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে ২০১৪ সালে কাবুলের একটি রেস্তোরাঁয় ও একটি আবাসিক হোটেলে তালেবান যোদ্ধাদের চালানো হামলার সঙ্গে এ হামলার মিল আছে।  কাবুলের কোলোলা পুশ্তা এলাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের গেস্ট হাউস ও আবাসিক হোটেল আছে। এলাকাটির কাছেই আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর ও ভারতীয় দূতাবাসের অবস্থান।