ইয়েমেনে সৌদি জোট বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলা চলাকালে মরক্কোর একটি এফ-১৬ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার সৌদি মালিকানাধীন আরাবিয়া টেলিভিশনে ঘটনা নিশ্চিত করেছেন জোট বাহিনীর মুখপাত্র সৌদি সেনা কর্মকর্তা আহমেদ অ্যাসেরি।
ব্রিগেডিয়ার জেনারেল অ্যাসেরি বলেছেন, “বিমানটি ভূপাতিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং বিধ্বস্তের স্থান সনাক্ত করা হচ্ছে।”
“পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে আল আরাবিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি, পাইলটের নিরাপত্তার জন্য হুতি বেসামরিক বাহিনী ও তাদের মিত্ররা দায়ী থাকবে।”
সোমবার হুতিদের মুখপত্র সংবাদ চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছিল, ইয়েমেনের উত্তরপশ্চিম সাআদা প্রদেশের প্রত্যন্ত ওয়াদি নাশোউর এলাকায় বিমান বিধ্বংসী কামানের গোলায় একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে।
সৌদি সীমান্ত সংলগ্ন সাআদা প্রদেশ ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটি। ওয়াদি নাশোউরের সংখ্যালঘু নৃগোষ্ঠীর সদস্যরা বিমানটি নামিয়েছে বলে জানিয়েছে হুতিরা।
মাসিরাহ চ্যানেলে একটি পাথুরে পাহাড়ের পাশে গুলিবর্ষণরত ওই সংখ্যালঘুদের দেখানো হয়েছে। তারা তাদের হাত উঠিয়ে চিৎকার করে বলছে, “আমেরিকা ধ্বংস হোক!”
এক লোক বিমানের খণ্ডাংশের মতো দেখতে একটা টুকরা হাতে নিয়ে বলেছেন, “খোদা বিমানটি ফেলে দিয়েছেন। আমাদের অস্ত্রশস্ত্র সাধারণ হলেও, খোদার ইচ্ছায় আমরা তাদের সব বিমান গুলি করে নামাবো।”
ইয়েমেনের একটি ট্যুইটার একাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করে সেগুলো বিমানটির পাইলটের লাশের ছবি বলে দাবি করা হয়েছে।
ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়া শিয়া হুতি বিদ্রোহীদের দমন করতে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট বাহিনীর বিমান হামলায় আটটি আরবদেশ যোগ দিয়েছে, এদের মধ্যে উত্তর আফ্রিকার মরক্কো অন্যতম।
মঙ্গলবার ভোর থেকে ইয়েমেনে বিবদমান পক্ষগুলোর মধ্যে মানবিক যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। কিন্তু মরক্কোর জঙ্গি বিমান হারানো ও সৌদি সীমান্তে হুতি ও সৌদি বাহিনীর মধ্যে ভারী গোলা বিনিময় চলতে থাকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে সংশয় বিরাজ করছে।
