সুইডিশ আদালতে অ্যাসাঞ্জের আটকাদেশ বহাল
যৌন হয়রানির অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে দেয়া আটকাদেশ বহাল রেখেছে সুইডিশ সুপ্রিম কোর্ট।
বিবিসি জানিয়েছেন, আটকাদেশ বাতিল করার বিষয়ে অ্যাসাঞ্জের করা একটি আবেদন সোমবার খারিজ করে দিয়েছে আদালত।
এক বিবৃতিতে আদালত বলেছে, অ্যাসাঞ্জকে লন্ডনে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে আইনজীবীদের সিদ্ধান্ত আটকাদেশের আদেশ বহাল রাখাকে সমর্থন করছে।
২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন ৪৩ বছর বয়সী অ্যাসাঞ্জ। তাকে গ্রেপ্তার করে সুইডিশ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় ব্রিটিশ সরকার।
এরআগে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন রাষ্ট্রীয় ই-মেইল বার্তা ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিল উইকিলিকস ওয়েবসাইট। এতে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হন অ্যাসাঞ্জ। তাকে বিচারের মুখোমুখি করতে চায় দেশটি।
সুইডেনে যৌন হয়রানির অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। কিন্তু বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডিশ কর্তৃপক্ষ।
অ্যাসাঞ্জের ধারণা সুইডেনে গেলে দেশটির সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। ফলে সেখানে যাওয়া এড়াতে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু লন্ডনের ইকুয়েডর দূতাবাস ব্রিটিশ পুলিশ ঘিরে রাখায় তা ছেড়ে ইকুয়েডরে পারি জমাতে পারেননি অ্যাসাঞ্জ।
এ কারণে তিন বছরেরও বেশি সময় ধরে ইকুয়েডর দূতাবাসে কার্যত বন্দি হয়ে আছেন তিনি।
