২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ক্ষমতা চাইল স্কটল্যান্ড

স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন স্কটল্যান্ডে নতুন করে আরো ক্ষমতার বিকেন্দ্রীকরণ দাবি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 06:45 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অগ্রাধিকার ভিত্তিতে স্কটল্যান্ডের কর ও কল্যাণ খাতে ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছেন স্টারজেন।

বিবিসি’কে তিনি বলেন, এ ধরনের ক্ষমতা পেলে স্কটিশ সরকার অর্থনৈতিক সমৃদ্ধির পথে আগাতে পারবে।

ক্যামেরনের সঙ্গে এ নিয়ে ‘সংক্ষিপ্ত’ আলাপ হয়েছে উল্লেখ করে স্টারজেন বলেন, আরো আলোচনা প্রয়োজন।

যুক্তরাজ্যে এবারের জাতীয় নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়ে ক্যামেরনের কনজারভেটিভ সরকারের ওপর চাপ প্রয়োগ করার মত শক্তিশালী অবস্থানে উঠে এসেছে স্টারজেনের নেতৃত্বাধীন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি)।

বিবিসি’র এন্ড্রু মারের অনুষ্ঠানে স্টারজেন বলেন, স্কটল্যান্ডের জন্য স্মিথ কমিশন ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে রূপরেখা দিয়েছে ক্যামেরন তার বাইরে যেতে চান বলে মনে হয় না।

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গতবছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের পর তাদেরকে বাড়তি ক্ষমতা দেয়ার প্রতিশ্রুতি পূরণে গঠন করা হয়েছিল এ স্মিথ কমিশন।

স্টারজেন বলেন, “আমরা চাই অগ্রাধিকার ভিত্তিতে  ব্যবসা-বাণিজ্যে কর, কর্মসংস্থান, ন্যূনতম মজুরি, কল্যাণ খাতে ক্ষমতা বিকেন্দ্রীরণ হোক। কারণ, অর্থনীতি বিকাশের জন্য এটি জরুরি।”

তিনি আরো বলেন, “ক্যামেরন আমাকে বর্তমান স্মিথ কমিশনের প্রস্তাবের বেশিকিছু করার কোনো ইঙ্গিত দেননি। আমার মনে হয় তাকে এটি করতে হবে এবং আমরা স্পষ্টতই এ বিষয়টি নিয়ে কথা বলব।”