২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কনজারভেটিভ মন্ত্রিসভা’ গঠনে ব্যস্ত ক্যামেরন

ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগামী সপ্তাহে নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন ডেভিড ক্যামেরন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 10:39 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বিবিসির খবরে বলা হয়ে, নতুন মন্ত্রিসভার সব সদস্য কনজারভেটিভ দলের হবেন বলেই ধারণা করা হচ্ছে।

এর মধ্যেই অর্থমন্ত্রী জর্জ অসবর্ন, স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনকে স্ব স্ব পদে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।

একইসঙ্গে অসবর্নকে ফার্স্ট সেক্রেটারি অব স্টেট (মন্ত্রিসভার সবচেয়ে জ্যেষ্ঠ মন্ত্রী) নিয়োগ করা হয়েছে।

‘অখণ্ড জাতি’ হিসেবে যুক্তরাজ্য সরকার পরিচালিত হবে এবং সবাইকে সমান চোখে দেখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরন। এরই মধ্যে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সঙ্গে কথা বলেছেন।

হাউজ অব কমনসে স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৬টি পেয়েছে এসএনপি।

শুক্রবার ক্যামেরন বলেন, “আমি আমার কথা রাখব। সব দল যেভাবে চাইবে আমি সেভাবেই যত দ্রুত সম্ভব ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবো।”

বিবিসি বলেছে, আগামী ৪৮ ঘণ্টা খুব সম্ভবত মন্ত্রিসভা গঠন নিয়েই ব্যস্ত থাকবেন ক্যামেরন।

গতবারের মন্ত্রিসভায় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটদের কয়েক নেতাকে জায়গা দিতে হলেও এবার ক্যামেরনের সামনে সেই বাধ্যবাধকতা নেই।

লন্ডনের মেয়র বরিস জনসনকেও বিবেচনায় নিতে হবে ক্যামেরনকে।

পশ্চিম লন্ডনের একটি আসনে জয়লাভ করে সাত বছর পর আবারও হাউজ অব কমনসে ফিরে এসেছেন জনসন।

মেয়র হিসেবে আগামী বছর জনসনের মেয়াদ শেষ হবে।

বৃহস্পতিবারের নির্বাচনে হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন পেয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছে ২৩২টি আসন।

একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় গতবারের মতো এবার ছোট কোনো দল নিয়ে আর জোট গড়তে হবে না কনজারভেটিভ দলকে।