দুর্নীতি মামলায় পুনরায় হোসনি মোবারকের কারাদণ্ড
শনিবার মামলার রায়ে বিচারক হাসান হাসানেইন বলেন, “আদালত মোহাম্মদ হোসনি মোবারক, জামাল মোহাম্মদ হোসনি মোবারক এবং আলা মোহাম্মদ হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ডাদেশ দিচ্ছে।”
এদিন ৮৭ বছর বয়সী মোবারক ও তার দুই ছেলে আদালতে উপস্থিত ছিলেন।
গত বছর মে মাসে এই মামলায় মোবারকের তিন বছর এবং তার দুই ছেলে আলা ও জামালকে চার বছর করে কারাদণ্ড দেয়া হয়েছিল।
কিন্তু এ বছর জানুয়ারিতে মিশরের হাই কোর্ট ওই শাস্তি বাতিল করেন।
সরকারি তহবিলের অর্থ ব্যয় করে নিজেদের কয়েকটি প্রাসাদের সংস্কার ও সাজসজ্জার কাজ করা এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির অভিযোগে মোবারক ও তার দুই ছেলের বিরুদ্ধে এই মামলা হয়।
৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালে ব্যাপক গণ অভ্যুত্থানের পর ক্ষমতা থেকে উৎখাত হন মোবারক।
তারপর থেকে তিনি ও তার দুই পুত্র কারাগারেই রয়েছে। এ কারণে দুর্নীতির মামলার রায়ে পাওয়া শাস্তি নতুন করে তাদের ভোগ নাও করতে হতে পারে।
বর্তমানে কায়রোর মাদি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক এই নেতা।
