ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ল
৭ মে’র জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল পুনরায় ক্ষমতায় আসায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার ঝুঁকি বেড়েছে।
৭ মে’র জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল পুনরায় ক্ষমতায় আসায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার ঝুঁকি বেড়েছে।
এটি ঘটবেই তেমনটি এখনো বলা না গেলেও ঘটার যে সম্ভাবনা বিরাজ করছে তা ব্যবসা বাণিজ্যের জন্য উদ্বেগজনক। ইইউ থেকে বেরিয়ে গেলে ইউরোপের বিশাল বাজার হারাতে পারে যুক্তরাজ্য।
ক্যামেরন ইইউ’র সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারপর এ ব্লক থেকে বেরিয়ে যাওয়/না যাওয়া প্রশ্নে ২০১৭ সালের শেষ নাগাদ গণভোট দিতে চেয়েছেন।
এবারের নির্বাচনে ক্যামেরন ইউরোপপন্থি লিবারেল ডেমোক্রেটস কে দূরে ঠেলতে পেরেছেন।কিন্তু তিনি তার নিজের দলের ইইউ-বিরোধীদের খুব একটা বাগে আনতে পারেননি। ফলে ইইউ এর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা প্রক্রিয়াকে তারা জটিল করে তুলতে পারে। আর তখন ক্যামেরনের জন্য ইইউ’তে থাকার পক্ষে যুক্তি দেয়া কঠিন হয়ে উঠতে পারে।
এমন হলে কনজারভেটিভ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইইউ সদস্যপদ প্রশ্নে গণভোটের বিষয়টি তখন সামনে চলে আসতে পারে। পরিকল্পনামাফিক এ গণভোট হলে এবং এর ফল ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে গেলে গোটা দেশের অর্থনীতিতেই এর নেতিবাচক প্রভাব পড়বে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক অবশ্য যুক্তরাজ্যকে ইইউ’য়ে রাখার পক্ষে সহায়ক ভূমিকা পালনের আভাস দিয়েছেন।
যুক্তরাজ্যের ইইউ’তে থাকার ব্যাপারে প্রধানমন্ত্রী ক্যামেরনের উপর নির্ভর করতে চান জানিয়ে টাস্ক বলেন, এ ব্যাপারে তিনি ক্যামেরনকে সহায়তা করতে চান।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ইউরোপের ‘এক হয়ে কাজ’ করার বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাজ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক অর্থনীতি, কার্যকর একক বাজার ও মুক্ত বাণিজ্যের জন্য এটি খুব জরুরি।
“আমি নিশ্চিতভাবেই বলছি, কোন দেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে উন্নত জীবন পাওয়া সম্ভব নয়। ইইউ আরও শক্তিশালী হলে তা শুধু যুক্তরাজ্যের জন্যই নয় বরং সংস্থাটির সদস্যভূক্ত সব দেশের জন্যই ভাল হবে।”
