হেলিকপ্টার বিধ্বস্তে ফিলিপাইন-নরওয়ের রাষ্ট্রদূত নিহত
পাকিস্তানের নাটলার উপত্যকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়ার এক টুইটের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডন এই দুর্ঘটনার খবর দিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাকিস্তানের কাশ্মিরের গিলগিত-বালতিস্তান সীমান্তের কাছে একটি স্কুলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে পাকিস্তানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রূত ডোমিঙ্গো ডি লুসেনারিও জুনিয়র, নরওয়ের রাষ্ট্রদূত লেইফ এইচ লারসেন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং হেলিকপ্টারের দুই পাইলট রয়েছেন।
আহত হন পোলিশ ও ডাচ রাষ্ট্রদূতসহ পাঁচজন।
তিনটি হেলিকপ্টারের একটি বহর বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিদের নিয়ে গিলগিত-বালতিস্তান যাচ্ছিল।
একটি হেলিকপ্টারের একজন আরোহী বলেন, “এটি ছিল একটি কূটনৈতিক ভ্রমণ। এই ভ্রমণে ৩৭টি দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা ছিলেন।”
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, আহতদের আকাশপথে গিলগিতের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও পৃথক একটি আকাশযানে গিলগিত যাচ্ছিলেন। সেখানে তার দুটি প্রকল্প উদ্বোধন করার কথা ছিল।
কিন্তু এই দুর্ঘটনার পর তিনি ইসলামাবাদে ফিরে যান বলে তার দপ্তর থেকে বলা হয়েছে।
বিধ্বস্ত রাশিয়া নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটি ৩২ জন আরোহী বহন করতে পারে।
