ভোটকেন্দ্রে ‘সেলফি’ তোলা যাবে?
ছবি না তোলার আইন কোথাও না থাকলেও ভোট কেন্দ্রের ভেতরে যে কোন ধরণের ছবি তোলার বিরুদ্ধে নির্বাচন কমিশন।
ব্যালটের গোপনীয়তা বজায় রাখতে যুক্তরাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ভোটারদের ভোটকেন্দ্রে ‘সেলফি’ না তোলারই নির্দেশ দিয়েছেন। সেলফি তুলতে গিয়ে ভোটের গোপনীয়তা বিনষ্ট হলে কারাগারেও যেতে হতে পারে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, “ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের ছবি তোলা আইনের সম্ভাব্য লঙ্ঘন বলে বিবেচিত হবে। এ কারণে আমরা কঠোরভাবে এ ধরনের যে কোনো আচরণকে নিরুৎসাহিত করছি।”
“তবে যদি কোনো ভোটার তার ভোট প্রদানের বিষয়টি সবাইকে জানাতে চান তবে আমাদের পরামর্শ ভোট দেয়ার আগে বা পরে ভোট কেন্দ্রের বাইরে সেটা করবেন।”
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকজনকে সতর্ক করে দিয়ে বলা হয়ছে, যদি কেউ কীভাবে অন্য কেউ ভোট দিচ্ছেন সেটা প্রকাশ করে তবে তাকে পাঁচ হাজার পাউন্ড জরিমানা বা ছয় মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। এমনকি অসতর্কতাবশতও হলেও শাস্তির মুখোমুখি হতে হবে।
যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে, নির্বাচনী কোনো কর্মকর্তা কাউকে ছবি তুলতে বলেন সে ক্ষেত্রে ওই ছবি মুছে ফেলা হবে নাকি তাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হবে- এর জবাবে শীর্ষপর্যায়ের একজন নির্বাচনী কর্মকর্তা বলেন, “ছবিতে আসলে কী তোলা হয়েছে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৫০ হাজার ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ চলছে।
