‘মহামারির ঝুঁকিতে নেপাল’
নেপালের ভূমিকম্প দুর্গত এলাকায় মহামারির প্রাদুর্ভাব হওয়ার ‘প্রবল ঝুঁকি’ রয়েছে বলে চীনের একটি সরকারি চিকিৎসক দল আশঙ্কা প্রকাশ করেছে।
নেপালে ভূমিকম্পের পর গণস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে চীনের ওই দলটি শনিবার একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে।
৫৯ সদস্যের ওই দলটিতে জনস্বাস্থ্য, সংক্রামক ব্যাধি, মানসিক আঘাত জনিত সমস্যা, অস্থিচিকিৎসা এবং জরুরি চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। দলের ৪৫ শতাংশ সদস্যের ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে।
চীনা দলটির প্রধান লু লিন বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, তারা ৫১টি নমূনা পরীক্ষা করেছেন। এ পরীক্ষার মান বিশ্বস্বাস্থ্য সংস্থার সমপর্যায়ের বলে দাবি তাদের।
যদিও নেপালে এখনো মহামারির প্রাদুর্ভাবের পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান তিনি। তবে মহামারি বিষয়ে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ বেশ কঠিন কাজ বলেও মন্তব্য করেন তিনি।
ভূমিকম্প দুর্গত এলাকায় মহামারি ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে কাজ করার জন্য নেপালে ছয়শ’র বেশি চিকিৎসা কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
