বাল্টিমোরে ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন
এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খুনের ও অপর পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে।
শহরটির প্রধান সরকারি আইন কর্মকর্তা মেরিলিন মসবি এই অভিযোগ আনেন।
শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের নিজস্ব তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মসবি ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনার ঘোষণা দেন।
১২ এপ্রিল ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেড্ডি গ্রেকে গ্রেপ্তারের পর নিজেদের ভ্যানে তুলেছিল পুলিশ। ওই ভ্যানেই ঘাড়ে গুরুতর আঘাত পান গ্রে। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ অজ্ঞান থাকার পর ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।
গ্রের মৃত্যুর ঘটনায় বাল্টিমোরজুড়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে কয়েক দশকের মধ্যে শহরটিতে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, যা পরবর্তী দুইদিন ধরে চলে।
এ ঘটনা কৃষ্ণকায়দের সঙ্গে যুক্তরাষ্ট্র পুলিশের আচরণ নিয়ে বিরাজমান ক্ষুব্ধতায় নতুন মাত্রা যুক্ত করে।
দাঙ্গার কারণে শহরজুড়ে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সান্ধ্য আইন জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
মসবি জানিয়েছেন, গ্রেপ্তারের সময় গ্রের হাত পিছমোড়া করে বাঁধা ও তার পায়ে বেঁড়ি পড়ানো হলেও গাড়িতে তোলার পর তার সিটবেল্ট বেঁধে দেয়া হয়নি। এতে গাড়ি চলার সময় তিনি ঘাড়ের মেরুদণ্ডের হাড়ে গুরুতর আঘাত পান।
