এশিয়ায় মে দিবসের মিছিল, দক্ষিণ কোরিয়ায় সংঘর্ষ
এশিয়ার বিভিন্ন দেশে মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ-মিছিল। দক্ষিণ কোরিয়ায় মিছিল চলাকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে।
সরকারের শ্রম আইনে সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রায় ১০ হাজার শ্রমিক মিছিল করে দেশটির প্রেসিডেন্ট পার্ক জেউন-হাইয়ের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
শ্রমিকরা বেরিকেড ভেঙ্গে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য জল কামান ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা ধরে প্রেসিডেন্টের কার্যালয় অভিমুখী প্রধান সড়কে এ সংঘর্ষ চলে।
দক্ষিণ কোরিয়ার অনমনীয় শ্রমবাজারে কিছুটা নমনীয়তা আনতে পার্কের রক্ষণশীল প্রশাসন শ্রম আইন সংস্কার করার পরিকল্পনা করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শ্রমিকদের ভাড়া করা ও তাদের বাদ দেয়া অধিকতর সহজ করা হবে।
দক্ষিণ কোরিয়ার সংসদ ভবনের কাছে একটি সমাবেশে দেশটির ট্রেড ইউনিয়নের প্রধান কিম ডং-মান বলেন, “সরকার শ্রমিকদের অধিকারে অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা করলে আমরা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেব এবং সরকারের এই দুরভিসন্ধি নস্যাৎ করে দেব।”
ইউনিয়নের নেতাদের দাবি শুক্রবার সিউলে দুইটি র্যালিতে এক লাখের বেশি মানুষ অংশ নিয়েছে। যদিও পুলিশের মতে মোট সংখ্যা ৩৮ হাজারের কাছাকাছি।
ওদিকে, তাইওয়ানের রাজধানী তাইপেতে শ্রমিকরা মিছিল করে উচ্চ মজুরি, কাজের সময় কমিয়ে আনা এবং অস্থায়ী নিয়োগ নিষিদ্ধকরণ আইন পাশের দাবি জানান।
শ্রমিকদের মিছিল থেকে প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে ধুম্র বোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে।
হংকংয়ে গৃহকর্মীরা আরো বেশি সুযোগ সুবিধার দাবিতে রাস্তায় নেমে আসে। তারা গান গেয়ে এবং নেচে নিজেদের দাবির কথা জানায়।
ফিলিপিনের রাজধানী ম্যানিলাতে হাজার হাজার মানুষ আরো বেশি বেতন এবং চাকরির সুযোগের দাবিতে মিছিল করে।
তাদের অভিযোগ, দেশে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় ফিলিপাইনের নাগরিকরা বিদেশে চাকরির সন্ধান করছে। এক্ষেত্রে বিদেশে কাজ করতে গিয়ে তাদের নানা ধরণের অস্বস্তিকর পরিস্থিতি এমনকি মৃত্যু ঝুঁকিতেও পড়তে হচ্ছে।
সমাজকর্মী রেনাত রিইয়েস ম্যারি জেন ভেলেসোর উদাহরণ টেনে বলেন, “ফিলিপাইনে বেকারত্বের হার অনেক বেশি বেড়ে যাওয়ায় দরিদ্র লোকজন উচ্চ ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছে।”
ম্যারি জেন ভেলেসো গৃকর্মীর চাকরি নিয়ে ২০১০ সালে ইন্দোনেশিয়ায় যান। কিন্তু ইন্দোনেশিয়ায় যাওয়ার পরতার স্যুটকেসে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। নিজ ব্যাগে হেরোইন রাখার জন্য দুই সন্তানের জননী এই নারী তার চাকরি দাতার বিরুদ্ধে অভিযোগে তুলেছিলেন। যদিও বিচারে তিনি দোষী সাব্যস্ত হন এবং তার মৃত্যুদণ্ড হয়।
সম্প্রতি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ ফায়ারিং স্কোয়াডে দোষী সাব্যস্ত আট মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের মধ্যে সাতজন বিদেশি। কিন্তু অপ্রত্যাশিতভাবে শেষ মুহূর্তে ভেলেসোর মৃত্যুদণ্ড স্থগিত করা হয়।
