ইয়েমেনে বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত
ইয়েমেনের রাজধানী সানার একটি আবাসিক এলাকায় সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর জঙ্গি বিমান হামলায় ৮ থেকে ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে অধিবাসীরা।
সানার শাসনক্ষমতায় থাকা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন সাবা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবান এলাকায় নিহতের সংখ্যা ২০ উল্লেখ করেছে। আরো ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে এবং হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানানো হয়েছে খবরে।
রাজধানীর কাছে একটি সামরিক ঘাঁটিতেও জঙ্গি বিমান হামলা হয়েছে। সাবা জানিয়েছে, চিকিৎসা কর্মীরা সাবান এলাকায় ধ্বংসস্তুপে চাপা পড়া হতহতদের উদ্ধারকাজে এগিয়ে গেছে।
হুতি বিদ্রোহীদের জন্য ইরানের সহায়তাবাহী বিমান ঠেকাতে বিমানবন্দরের রানওয়েতে বোমা হামলার কয়েকদিন পর এ হামলা হল।বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
