২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছচ্ছে ত্রাণ

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া নেপালের প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছতে শুরু করেছে ত্রাণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 07:52 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

গত শনিবার ৭ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পের পর মূলত রাজধানী কাঠমান্ডুতে উদ্ধার তৎপরতা চলছিল।

জাতিসংঘ জানায়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কিছুটা প্রসারিত হয়েছে। এখন কাঠমান্ডু ছাড়াও ধাড়িং ও গোরখার মত এলাকা যেগুলো ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও উদ্ধার কাজ  শুরু হয়েছে।

নেপালে আট দশকের মধ্যে ভয়াবহ ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। ভয়ঙ্ককরভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

ভূমিকম্প পরবর্তী পরাঘাতে নেপাল বার বার কেঁপে উঠছে। আতঙ্কিত নেপালিরা দলে দলে কাঠমান্ডু ত্যাগ করছে।

নেপাল সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্কুলের বাসও এ কাজে ব্যবহার করা হচ্ছে।

বাসস্ট্যান্ডে অপেক্ষমান এক ব্যক্তি বিবিসি’কে বলেন, “শহর জুড়ে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ থেকে যে কোন রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে এবং তা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।”

“এসবের হাত থেকে নিজেকে বাঁচাতে কয়েকদিনের জন্য আমি শহর ছেড়ে  চলে যাচ্ছি।”

ওদিকে, খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার নেপালে উদ্ধার কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। বুধবার থেকে আবার উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।

গোরখা জেলায় উদ্ধারকাজে অংশ নিচ্ছেন একটি বেসরকারি সংস্থার কর্মী বেলা ম্যাসেঞ্জার। তিনি বলেন, চীন থেকে পাঠানো লরিতে করে এই এলাকায় ত্রাণ আনা হচ্ছে। কিন্তু এখনো অনেক জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি।

“একটি হেলিকপ্টারের অভাবে আমরা এখনো কয়েকটি গ্রামে পৌঁছতে পারিনি। আবার দুই ঘণ্টার বেশি সময় দুর্গম পাহাড়ী পথ বেয়ে আমাদের কয়েকটি গ্রামে পৌঁছাতে হয়েছে।”

ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি পাহাড়ী গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার অধিবাসীরা উদ্ধারকারী হেলিকপ্টার দেখলেই উদ্ধার পাওয়ার আশায় পাগলের মত সেটার পেছনে ছুটছে।

গোরখার বাসিন্দা সীতা গুরুং বলেন, “ভূমিকম্পের পর থেকে আমাদের এখানে কোন খাবার নেই। এখানে আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে।”  

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পে নেপালে ৮০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

বিবিসি জানায়, হাজার হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। খুব সামান্য পানি ও খাবার খেয়ে তারা জীবন ধারণ করছে।

উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম নিয়ে দুর্গতদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র জগদিশ চন্দ্র পখেরেল বলেন, “নেপালে এমন কিছু দুর্গম এলাকা আছে যেখানে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। আমাদের সেনাসদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছে।”

জাতিসংঘের উন্নয়ন ব্যবস্থাপক রিনাউদ মেয়ার বিবিসিকে বলেন, কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে বিমান চলাচলের জন্য একটি মাত্র রানওয়ে আছে। ফলে সেখানে ত্রাণ নিয়ে আসা বিমানগুলোর জায়গা দেয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী বিমানবন্দর থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।