সৌদি আরবে নতুন যুবরাজ, প্রশাসনে রদবদল
সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে সরিয়ে দিয়ে নিজের ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স করেছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
রাজতন্ত্রের দেশ সৌদি আরবে ক্রাউন প্রিন্সই বাদশার উত্তরসূরি।
স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ এর আগে ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন। নিজের ছেলে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মেদ বিন সালমানকে তার স্থলাভিষিক্ত করেছেন বাদশা সালমান।
তিনি বুধবার এসব পদক্ষেপ নেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
এছাড়া পররাষ্ট্র, শ্রম, স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদে পরিবর্তন এনেছেন বাদশা সালমান।
দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল-ফয়সালকে সরিয়ে যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত আদেল-আল-জুবায়েরকে এ পদে নিয়োগ করা হয়েছে। রাজপরিবারের বাইরে থেকে প্রথম ব্যক্তি হিসেবে এ দায়িত্বে এলেন তিনি।
এসব পরিবর্তনের মধ্য দিয়ে প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের আমলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হল। গত ২৩ জানুয়ারি আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি আরবের মসনদে বসেন সালমান। ক্ষমতায় বসেই প্রয়াত বাদশাহর আমলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক পরিপত্রে বলা হয়, রাজপরিবারের সদস্যদের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন নিয়ে বাদশাহ সালমান ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন নায়েফ ও ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিজের ছেলে মোহাম্মেদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন।
ইয়েমেনে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা মোহাম্মেদ বিন সালমানকে রয়েল কোর্টের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই পরিপত্রে বলা হয়।
মুকরিন বিন আব্দুল আজিজ
সৌদি সরকারের গুরুত্বপূর্ণ পদে রদবদল ঘটলে সাধারণত তেলের দামেও তার প্রভাব পড়ে। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম রপ্তানিকারক এ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা তেলের বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ।
এতদিন তেলমন্ত্রী আলী আল-নাইমি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তেল মন্ত্রী হিসেবে থেকে গেলেও খালিদ আল-ফালিহ আরামকোর চেয়ারম্যান পদে এলেন।
তেল ব্যবসায়ীরা বলছেন, আরামকোর প্রধান নির্বাহী পদে কে আসছেন সেদিকে তাকিয়ে আছেন তারা। এছাড়া ফালিহ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ায় তেলমন্ত্রী নাইমির অবস্থানো কোনো প্রভাব পড়বে কি না সেদিকে নজর রাখছেন তারা।
৭৯ বছর বয়সী নাইমি ১৯৯৫ সাল থেকে তেলমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার সময়ে বেশ কয়েকবার তেলের দাম কমেছিল।
এছাড়া তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদন কমিয়ে আনার কৌশল না নেওয়ার যে সিদ্ধান্ত গত নভেম্বর সৌদি আরব নিয়েছে, তার পিছনে নাইমির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়।
