২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ের নির্বাচন সংস্কার প্যাকেজ ঘোষণা

হংকংয়ের পরবর্তী নেতা বাছাইয়ের দীর্ঘ প্রতীক্ষিত নীলনকশা আইনপ্রণেতাদের হাতে দিয়েছে নগর সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2015, 02:28 PM

Updated : 25 Apr 2022, 01:17 PM

বুধবার প্রকাশ করা এ পরিকল্পনায় কঠোরভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করার চীনা মনোভাব প্রাধান্য পেয়েছে। 
 
২০১৪ সালে প্রথমবারের মতো নির্বাচন নিয়ন্ত্রণ পরিকল্পনার কথা জানানোর পর হংকংজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। 
 

স্মরণকালের বৃহত্তম এ বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটকালে আন্দোলনকারীরা আরো বেশি পরিসরে গণতন্ত্রের দাবি জানায়। অবাধ নির্বাচনের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচিত করার দাবিতে লাগাতার আন্দোলন হংকংয়ের জনজীবনকে স্তব্ধ করে দেয়। 
 
১৯৯৭ সালে ব্রিটিশদের হাত থেকে হংকংয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বেইজিংয়ের শাসকদের। 
 
কিন্তু ওইসব আন্দোলন সত্ত্বেও উন্মোচন করা নীলনকশায় কোনো ধরনের ছাড় না থাকায় কয়েক মাস শান্ত থাকার পর অসন্তোষ আবার ধূমায়িত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রীষ্মের প্রথমদিকে প্রস্তাবিত পরিকল্পনাটির বিষয়ে আইনপ্রণেতাদের ভোট নেয়া হবে। 
 
পরিকল্পনাটি প্রকাশের আগে এক সংবাদ সম্মেলনে হংকংয়ের প্রধান নির্বাহী লিয়ুঙ চুন-য়িং জানিয়েছেন, ভবিষ্যতে নগরের রাজনৈতিক পরিস্থতি আরো খোলামেলা হতে পারে। 
 
“তবে এখন, সমঝোতার কোনো জায়গা নেই,” বলেছেন তিনি। 
 
“কোনো রাজনৈতিক সংস্কার শুরুর উদ্যোগ নেয়া সহজ নয়। এই প্রস্তাবটি যদি গ্রহণ করা না হয়, পরবর্তী সুযোগ আসতে কয়েক বছর লেগে যেতে পারে,” বলেন লেয়ুং। 
 
এ সময় আইন পরিষদের বাইরে কয়েকশ’ প্রতিবাদকারী পতাকা নাড়িয়ে বিক্ষোভ করছিল। তবে বড় একটি দল চীনা পতাকা দুলিয়ে প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল। ‘হংকংয়ে অবশ্যই এগিয়ে যেতে হবে’, বলছিল তারা। 
 
অপরদিকে অপেক্ষাকৃত ছোট দলটি হলুদ ছাতা নিয়ে অবস্থান করছিল। হলুদ ছাতা বিগত গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তারা “সত্যিকারের সার্বজনীন ভোটাধিকার” ও লেয়ুংয়ের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছিল। 

আইনসভায় সরকারি পরিকল্পনা তুলে ধরার পর হলুদ ক্রস-বো ও কালো শার্ট পরা গণতন্ত্রপন্থি আইনপ্রণেতারা সভা থেকে ওয়াক আউট করেন।