পুলিৎজার পুরস্কার পেল নিউ ইয়র্ক টাইমস
পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করায় সম্মানজনক পুলিৎজার পুরস্কার জিতেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
পুলিৎজার বোর্ড একে সাহসী ও প্রাণবন্ত সাংবাদিকতা বলে বর্ণনা করেছে।
‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার সাংবাদিকরা আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুরস্কার জেতেন। এছাড়া, পত্রিকাটির ফ্রিল্যান্সার ড্যানিয়েল বেরেহুলাক ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কার জেতেন।
সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
জনসেবার জন্য পুলিৎজার পুরস্কার জিতেছে সাউথ ক্যারলাইনার পত্রিকা ‘পোস্ট অ্যান্ড কুরিয়ার’। গৃহে সহিংসতা নিয়ে ধারাবাহিক প্রতিবদেনের জন্য পত্রিকাটি এই পুরস্কার পায়।
‘টিল ডেথ ডু আস পার্ট’ শিরোনামে ওই প্রতিবেদনে কেন ক্যারলাইনা নারীদের জন্য ভয়ঙ্কর রাজ্যগুলোর একটি তা তুলে ধরা হয়।
চারজনের একটি দল ওই ধারাবাহিক প্রতিবেদনটি নিয়ে কাজ করেন। ডগ পারডু তাদের একজন।
পারডু বলেন, “এ ধরনের সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের পুরস্কার দেয়া হচ্ছে এটা দেখে আমি ভীষণ গর্বিত। এটি এমন এক প্রতিবেদন যা অনেক মানুষকে নাড়া দিয়ে গেছে।”
সেন্ট লুইস পোস্ট-ডিসপ্যাচ ফটোগ্রাফিক কভারেজ বিভাগে পুরস্কার জেতে। মিসৌরির ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে শ্বেতাঙ্গ পুলিশের গুলি করে হত্যার ঘটনা নিয়ে প্রকাশিত ছবির জন্য স্থানীয় পত্রিকাটি এ পুরস্কার পায়।
পত্রিকাটির সম্পাদক গিলবার্ট বিলন বলেন, নৃশংস ওই ঘটনাটির ছবি তুলতে গিয়ে আমাদের প্রতিবেদকদের শারীরিক ও মানসিকভাবে ভুগতে হয়েছে।
যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য, নাটক এবং অন্যান্য বিভাগে অসাধারণ নৈপুন্যের জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়।
