হুতিদের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা জারি
ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়া শিয়া হুতি ও অন্যান্য বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
জর্দান ও উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাবে মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভোট গ্রহণকালে ভেটো ক্ষমতাধারী রাশিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের রাশিয়া ছাড়া বাকি ১৪ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। তাদের কয়েকটি প্রস্তাব মূল প্রস্তাবে সংযোজন করা হয়নি অভিযোগ করে রাশিয়া ভোট দেয়া থেকে বিরত থাকে।
ভোটের পর পরিষদে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, “ইয়েমেনের সব পক্ষকে দ্রুত লড়াই বন্ধ করে শান্তি আলোচনা শুরু করার রুশ প্রস্তাব গ্রহণ করেনি পরিষদের সহযোগী দেশগুলো।”
প্রস্তাবটি পাস হওয়ার ফলে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র পুত্র দেশটির অভিজাত বাহিনী রিপাবলিকান গার্ডের সাবেক প্রধান আহমেদ সালেহ ও হুতি আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আব্দুলমালিক আল-হুতি’র উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
এতে বিশ্বব্যাপী এ দুজনের সম্পদ জব্দ করা হবে এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হল।
নভেম্বরে দেশটির সাবেক প্রেসিডেন্ট সালেহ ও অপর দুজন শীর্ষ হুতি নেতা, আব্দ আল খালিক আল-হুতি ও আব্দুল্লাহ ইয়াহিয়া আল হাকিমকে কালো তালিকাভুক্ত করেছিল নিরাপত্তা পরিষদ।
এবারের প্রস্তাবে এই পাঁচজনের ওপর ও “ইয়েমেনে তাদের হয়ে যারা কাজ করছেন বা তাদের নির্দেশে যারা পরিচালিত হচ্ছেন” তাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়েছে।
ইয়েমেন সেনাবাহিনীর বৃহত্তর অংশটি সাবেক প্রেসিডেন্ট সালেহর অনুগত এবং তারা হুতি বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে লড়াইয়ের নেমেছে। এ প্রস্তাব পাস হওয়ায় এই ব্যক্তিদের সঙ্গে তাদের অনুগত হিসেবে সেনাবাহিনীর বৃহত্তর অংশ ও হুতি বিদ্রোহীদের ওপরও অস্ত্র নিষেধাজ্ঞা জারি হয়েছে।
প্রস্তাবে “সদস্য দেশগুলোর প্রতি, নির্দিষ্টভাবে ইয়েমেনের প্রতিবেশী দেশগুলোর প্রতি, ইয়েমেনের দিকে যাওয়া সব কার্গো পরীক্ষা করার” আহ্বান জানানো হয়েছে।বিশেষ করে উপদ্বীপের গরীব ওই দেশটিতে অস্ত্র নেয়া হচ্ছে সন্দেহ হলে।
প্রস্তাবে হুতিদের লড়াই বন্ধ করে রাজধানী সানাসহ তাদের দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার দাবি জানানো হয়েছে। এতে সাবেক প্রেসিডেন্ট সালেহর “হুতিদের বিদ্রোহ সমর্থন করা” সহ দেশটিকে “অস্থিতিশীল করার প্রচেষ্টায়” উদ্বেগ জানানো হয়েছে।
২৬ মার্চ থেকে প্রতিবেশী ইয়েমেনের ইরানপন্থি শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র সুন্নি উপসাগরীয় আরব দেশগুলো।
ইয়েমেন হামলার পরিপ্রেক্ষিতে সৌদি নেতৃত্বাধীন জোটে অস্ত্র সরবরাহের গতি বৃদ্ধি করা হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সমর্থন করে পরোক্ষ সহযোগিতা দিচ্ছে দেশটি।
ইয়েমেনে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়ে সোমবার দেশটির রাজনৈতিক পরিবর্তনে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল ইরান।
অন্যদিকে, জাতিসংঘের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে হুতি বিদ্রোহীরা।
