২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভাড়াটে রক্ষীদের কারাদণ্ড

নিরপরাধ ১৪ ইরাকি বেসামরিককে হত্যার অপরাধে যুক্তরাষ্ট্রের এক ভাড়াটে সেনাকে আজীবন ও অন্য তিনজনকে ৩০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 02:36 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ২০০৭ সালে ইরাকের রাজধানী বাগদাদের জনাকীর্ণ নিসোর চত্বরে ওই ১৪ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকওয়াটার কোম্পানির ওই চার ভাড়াটে সেনা।

যুক্তরাষ্ট্রের সমারিক বহর যাওয়ার পথ করতে বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল বেসরকারি নিরাপত্তা কোম্পানি ব্ল্যাকওয়াটারের রক্ষী তথা ভাড়াটে সেনারা। 
এতে আরো ১৭ জন আহত হয়েছিলেন। 

এই হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তুলে ব্যাপক ক্ষোভের কারণ হয়েছিল। এতে যু্দ্ধক্ষেত্রে প্রতিরক্ষা ঠিকাদারদের পাঠানো ভাড়াটে সেনার ব্যবহার নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছিল। 

ঠাণ্ডা মাথায় করা ওই হত্যাকাণ্ডের দায়ে ২০১৪ সালে নিকোলাস শ্লাটেন ও অন্য তিনজনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে শ্লাটেন খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন, অন্যান্যরা অনিচ্ছাকৃত হত্যা, অনিচ্ছাকৃত হত্যার উদ্যোগ ও মারাত্মক অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়েছেন।   

ওয়াশিংটন ডিসি’র একটি আদালত হত্যাকাণ্ডের জন্য শ্লাটেনকে আজীবন এবং পল শ্লগ, ইভান লিবার্টি ও ডাস্টিন হেয়ার্ডকে ৩০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

অভিযুক্তরা দাবি করেছিল, বিদ্রোহীদের গুলির মুখে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছিল তারা। কিন্তু তদন্তকারী আইনজীবীরা প্রমাণ করেছেন, যা হয়েছিল তা ছিল বিনা উস্কানিতে বেসামরিক মানুষদের ওপর আকস্মিক হামলা। 

এই হামলার সাক্ষ্য দিতে বহু ইরাকিকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল। ২০০৮ সালে মামলার শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ওই ঘটনায় নিহত ইরাকিদের আত্মীয়-স্বজনরা।  

ওই আকস্মিক হামলায় নিহত নয় বছরের বালক আলির বাবাও উপস্থিত ছিলেন শুনানিকালে। তিনি বলেছিলেন, “এই অপরাধীদের সঙ্গে সন্ত্রাসীদের পার্থক্য কী?”