হিলারির বিরুদ্ধে উইকিলিকসের লোগো চুরির অভিযোগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দিতে না দিতেই চুরির অপবাদ মাথায় নিতে হচ্ছে হিলারিকে।
রোববার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থিতার ঘোষণা দেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
নির্বাচনী প্রচারণা চালানোর জন্য হিলারি যে লোগো ব্যবহার করছেন সেটি তিনি উইকিলিকস থেকে চুরি করেছেন বলে রোববার এক ট্যুইটারে অভিযোগ করেছে খোদ জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলকস সংগঠন।
উইকিলিকস ওয়েবসাইটের ট্যুইটার পোস্টে বলা হয়েছে, “হিলারি ক্লিন্টন আমাদের নিজস্ব ডিজাইনে বানানো ‘উইকিলিকস ট্যুইটার’ লোগো চুরি করেছেন।”
ওই ট্যুইটে হিলারির নির্বাচনী প্রচারের জন্য ব্যবহৃত লোগো এবং উইকিলিকসের লোগো দুটিই পাশাপাশি রেখে দেখানো হয়।
উইকিলিকসের লোগোতে একটি বালিঘড়ির ছবি আছে। বালিঘড়ির ওপরের অংশে ঝলসানো পৃথিবী থেকে ফোঁটা পড়ছে নিচের অংশে। পাশেই একটি লাল রংয়ের একটি তীর।
আর হিলারি’র নির্বাচনী প্রাচারণায় যে লোগো ব্যবহার করা হচ্ছে, সেটিতে একটি বড় নীল রঙের ‘এইচ’ এর মাঝ বরাবর রয়েছে একটি লাল রংয়ের তীর।
হিলারি ক্লিন্টনের পক্ষ থেকে এ অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
