গুন্টার গ্রাসের চিরবিদায়
ইউরোপীয় সাহিত্যে যিনি জাদু বাস্তবতার তুলি বুলিয়েছিলেন, সেই নোবেল বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই।
তার বইয়ের প্রকাশক সংস্থা স্টেইডেল জানিয়েছে, সোমবার জার্মানির উত্তরাঞ্চলের লুইবেক শহরের এক হাসপাতালে এই ঔপন্যাসিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পুরো নাম গুন্টার ভিলহেল্ম গ্রাস। তিনি ছিলেন একাধারে লেখক, কবি, চিত্রশিল্পী ও ভাস্কর। তবে বিশ্বের পাঠক তাকে চেনে কালজয়ী উপন্যাস দ্য টিন ড্রামের লেখক হিসাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরও অনেক জার্মান যুবকের মত গ্রাসকেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছিল। সেই গ্রাসই ১৯৫৯ সালে প্রকাশিত টিন ড্রামে জার্মানিকে মনে করিয়ে দেন নাৎসি বর্বরতা আর জার্মান ইতিহাসের এক পতনের অধ্যায়ের কথা।
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কারের জন্য গ্রাসের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হয়, তিনি তার অসামান্য লেখনিতে ইতিহাসের ‘ভুলে যাওয়া’ মুখখানি এঁকেছেন।
চওড়া কাঁধ আর ‘ট্রেডমার্ক’ ঝোলা গোঁফের এই মানুষটির জন্ম ১৯২৭ সালে, পোল্যান্ডের ডানজিশে, যার বর্তমান নাম গদানস্ক।
সেখান থেকে জার্মানিতে যাওয়ার পর শুরু তার নতুন জীবন। পাথর খোদাই দিয়ে শুরু করে শিল্পকলার শিক্ষা নিতে নিতেই শুরু হয় সাহিত্যচর্চা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিতে সাহিত্যিকরা যেখানে রাজনৈতিক বিতর্ক থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে পছন্দ করতেন, গ্রাস সেখানে ছিলেন দারুণ ব্যতিক্রম। তার ভাষায়, মানবিক ও রাজনৈতিক বিতর্কের মীমাংসায় সামনের সারিতে থাকা একজন লেখকের দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ আর ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধেও সরব হয়েছিলেন গ্রাস। ইসরায়েলের সমালোচনায় ‘হোয়াট মাস্ট বি সেইড’ শিরোনামে একটি কবিতা লেখায় ২০১২ সালে তাকে নিজের দেশেও বিতর্কের মুখে পড়তে হয়।
১৯৮৬ সালের ডিসেম্বরে স্ত্রী উটে গ্রাসকে নিয়ে বাংলাদেশে আসেন গুন্টার গ্রাস। সে সময় রিকশায় করে তাদের বেড়ানোর ছবি পত্রিকাতেও প্রকাশিত হয়। পরে আরেকবার বাংলাদেশে এসেছিলেন এই খ্যাতিমান লেখক।
টিন ড্রাম ছাড়াও গুন্টার গ্রাসের ‘ক্যাট অ্যান্ড মাউস’, ‘ডগ ইয়ার্স’ ও ‘ক্র্যাব ওয়াক’ উপন্যাস বহু ভাষায় অনূদিত হয়েছে।
তিনি কেবল লেখেননি; ছবি এঁকেছেন, ভাস্কর্য গড়েছেন। লুইবেক শহরের ‘গুন্টার গ্রাস হাউস: ফোরাম ফর লিটারেচার অ্যান্ড আর্ট'- এ রয়েছে তার প্রায় এগারশ শিল্পকর্ম।
[প্রতিবেদনটিতে বিবিসি, রয়টার্স ও ডয়চে ভেলেতে প্রকাশিত তথ্য ব্যবহার করা হয়েছে।]
