উত্তরের নেতা থাকছেন, যাবেন না দক্ষিণের নেতা
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে মস্কো যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেয়ুন-হি।
প্রেসিডেন্টের বদলে তার এক দূতকে ওই অনুষ্ঠানে পাঠানো হবে বলে সোমবার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা।
এতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক বিরল সাক্ষাতের সম্ভবনা বিলীন হয়ে গেল।
আগামী ৯ মে মস্কোতে যুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকী উদযাপিত হবে। রাশিয়া জানিয়েছে, ওই অনুষ্ঠানে উত্তর কোরীয় নেতা কিম জং উন উপস্থিত থাকবেন। বাবার মৃত্যুর পর ২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করা উনের এটিই হবে প্রথম বিদেশ সফর।
ওই অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্কেরও উপস্থিত থাকার কথা ছিল।
কিন্তু নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পার্ক ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।
“প্রেসিডেন্ট যাচ্ছেন না,” বলেছেন ওই কর্মকর্তা।
রোববার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির ক্ষমতাসীন দল সানুরি পার্টির সদস্য, যিনি পার্কের বিশেষ সহকারী, তিনি তার বিশেষ দূত হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পার্ক কেন মস্কোর ওই অনুষ্ঠানে যাচ্ছেন না, তার কারণ সম্পর্কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওই সরকারি কর্মকর্তা, কেউই বিস্তারিত কিছু জানাননি।
ওই অনুষ্ঠান উপলক্ষ্যে পার্ক ও উন, উভয়েই মস্কো গেলে, কোরীয় উপদ্বীপের প্রতিদ্বন্দ্বী দেশদুটির নেতাদের দেখা হয়ে যেত, আর তা হলে দেশ দুটির নেতার তৃতীয়বারের মতো স্পরস্পরের সঙ্গে সাক্ষাৎ ঘটতো।
১৯৫০-৫৩ সালে অনুষ্ঠিত দুই কোরিয়ার লড়াই একটি যুদ্ধবিরতির মাধ্যমে যতি টানায়, দুই কোরিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি, তাই আইনত দুই কোরিয়া এখনও লড়াইয়ের মধ্যেই আছে।
