২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহাণুর নাম মালালা

মালালা ইউসুফজাইয়ের নামে একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 10:28 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের এই কিশোরী মেয়েশিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এ কাজের জন্য পাকিস্তানের তালেবান জঙ্গিরা ২০১২ সালে তাকে গুলি করেছিল।

মালালা নামে নামকরণ করা ওই গ্রহাণুটি সৌরমণ্ডলে মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝে অবস্থিত। গ্রহাণুটি চার কিলোমিটার চওড়া এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সাড়ে পাঁচ বছর সময় লাগে। 

২০১০ সালে নাসার জ্যোতির্বিজ্ঞানী অ্যামি মিনজার এই গ্রহাণুটি আবিষ্কার করেন। তখন এটার নাম দেয়া হয়েছিল ৩১৬২০১।

মিনজারই তার আবিষ্কৃত গ্রহাণুটির নাম মালালা রাখেন।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের আইন অনুযায়ী জ্যোতির্বিজ্ঞানী তার আবিষ্কৃত গ্রহের নাম রাখার অধিকার রাখেন।

তরুণ নারীদের উৎসাহিত করতে মিনজার ১৭ বছর বয়সী মালালার নামে তার আবিষ্কৃত গ্রহাণুর নাম রাখার সিদ্ধান্ত নেন।

“মানবজাতির সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধানে সব বুদ্ধিমান মানুষের মস্তিষ্কের শক্তি আমাদের ভীষণভাবে প্রয়োজন এবং এই ক্ষেত্রে আমরা আমাদের অর্ধেক জনগোষ্ঠিকে বাদ দিয়ে এটা করতে পারবো না।”