বেলুচিস্তানে ২০ নির্মাণকর্মীকে গুলি করে হত্যা
পাকিস্তানে একটি বাঁধ নির্মাণ প্রকল্পের অন্ততপক্ষে ২০ কর্মীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
শুক্রবার রাতে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এই এলাকাতেই বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর বাড়ি। এই এলাকাটি বেলুচিস্তানের অন্যতম প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত।
বন্দুকধারীরা প্রকল্পের আট নিরাপত্তাকর্মীকে পরাজিত করে প্রকল্প এলাকার ভিতরে প্রবেশ করে ওই শ্রমিকদের গুলি করে বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় ঘাতকরা।
বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীটির একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, “পাকিস্তানের সেনাবাহিনী এবং এই প্রদেশে সেনাবাহিনীর নির্মাণ প্রকল্পে কর্মরতরা তাদের হামলার লক্ষ্য।”
ইরান সীমান্তের এ এলাকাটিতে তালেবান জঙ্গি, বেলুচ বিচ্ছিন্নতাবাদী ও অন্যান্য জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠী তৎপরতায় জড়িত থাকলেও এদের তৎপরতার মাত্রা দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের তুলনায় কম।
