২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন হামলায় যাচ্ছে না পাকিস্তান

ইয়েমেন হামলায় শামিল হতে সৌদি আরবের ডাকে সাড়া না দেয়ার পক্ষে রায় দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 01:01 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সৌদি আরবের আহ্বানে সাড়া দেয়া হবে কি না তা নিয়ে কয়েকদিনের তর্কবিতর্কের পর পাকিস্তানের পার্লামেন্ট সদস্যরা শুক্রবার ইয়েমেন সঙ্কটে নিরপেক্ষতা বজায় রাখার প্রস্তাবে ভোট দিয়েছেন। সর্ব সম্মত ভাবে অনুমোদন পেয়েছে এ সংক্রান্ত খসড়াপ্রস্তাবটি।

এতে বলা হয়েছে, ইয়েমেন সঙ্কট নিরসনে কূটনৈতিক ভূমিকা পালনের জন্য পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। ইয়েমেনে চলমান  আগ্রাসনে রিয়াদকে সামরিক সহায়তা করা থেকেও ইসলামাবাদকে বিরত থাকতে বলা হয়েছে প্রস্তাবে।

গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করা সৌদি আরব  এর আগে এ যুদ্ধের জন্য পাকিস্তানের কাছে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সেনা সাহায্য চেয়েছিল।

বিষয়টি নিয়ে গত সোমবার থেকে পাকিস্তানের পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। সৌদি আরব মিত্র দেশ হওয়ার পরও বহু পাক আইনপ্রণেতাই ইয়েমেনে সেনা পাঠানোর বিপক্ষে মত দেন।

তবে ইয়েমেনের হুতি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র হামলায় সহায়তা করতে পাকিস্তান অপারগতা প্রকাশ করলেও সৌদি আরবের ভূখণ্ডকে রক্ষায় সৌদিদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বিষয়ে রিয়াদকে আশ্বস্ত করেছে ইসলামাবাদ।