২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি হচ্ছেন ওবামা-ক্যাস্ত্রো

শিগগিরই মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 10:40 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শুক্রবার পানামায় একটি সম্মেলনে যোগ দিচ্ছেন মধ্য উত্তর ও দক্ষিণ আমেরিকার ৩৫টি দেশের নেতারা। ওই সম্মেলনেই মুখোমুখি হবেন কিউবা ও যুক্তরাষ্ট্রের দুই নেতা ওবামা ও রাউল।

দু’দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করার পর থেকে দু’দেশের নেতারই এটি হবে প্রথম সাক্ষাৎ। এর আগে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যে হাত মিলিয়েছিলেন দুইজন।

কিন্তু এবার পানামায় তাদের সাক্ষাতের মুহূর্তটি স্মরণীয় করে রাখার জন্য অপেক্ষার প্রহর গুণছে ফটোসাংবাদিকরা।

গত বছর ১৭ ডিসেম্বরে আকস্মিকভাবেই কিউবা-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়ার পর থেকে দুপক্ষের সম্পর্ক কেমন যাচ্ছে তার একটা ধারণা মিলবে দু’নেতার এ সাক্ষাতের মধ্য দিয়ে।

শুক্রবার পানামায় পৌঁছে ফোনে কথা বলেছেন ওবামা ও রাউল। তারা কি নিয়ে কথা বলেছেন তা বিস্তারিত জানা যায়নি। তবে দুইজনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।

হোয়াইট হাউজ জানিয়েছে, ওবামার সঙ্গে রাউলের আনুষ্ঠানিক কোনো বৈঠক না থাকলেও সম্মেলনের ফাঁকে বৈঠকের সুযোগ হতে পারে।

দুই প্রেসিডেন্টের সাক্ষাতের আগেই বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন কিউবা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রডরিগুয়েজ। ৫০ বছরেরও বেশি সময় পর দেশ দুটির মধ্যে এরকম উচ্চ পর্যায়ে বৈঠক হল।