ইয়েমেনে পৌঁছেছে রেডক্রসের প্রথম ত্রাণবাহী বিমান
ইয়েমেনের রাজধানী সানা’র আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ দশমিক ৪ টন ওষুধ, ব্যান্ডেজ এবং অস্ত্রোপচারের যন্ত্রপাতি নিয়ে অবতরণ করেছে রেড ক্রসের প্রথম ত্রাণবাহী বিমান।
বিমানটি বুধবারেই সানায় পৌঁছানোর কথা থাকলেও রেডক্রস কমিটি সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছ থেকে অনুমতির অপেক্ষায় থাকায় দেরী করে শুক্রবারে পৌঁছেছে।
এদিন সকালেই সানার বেশ কয়েকটি শিয়া হুতি লক্ষ্যস্থল এবং সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। তবে এসব হামলায় হতাহতের ঘটনার তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
জ্বালানি সঙ্কটের কারণে সানায় যান চলাচল থমকে গেছে। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে জোট বাহিনীর অবরোধের মধ্যে থাকা ইয়েমেনে কোনো বিমান কিংবা জাহাজ ত্রাণ সরবরাহ নিয়ে যেতে পারছে না।
সানার অনেক জায়গায়ই অধিবাসীরা বিদ্যুৎ এবং পানি সঙ্কটে ভুগছে। রাজধানী সানাসহ উত্তরাঞ্চলীয় প্রদেশে হাত শক্তিশালী করেছে হুতি বিদ্রোহীরা। এডেনসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে তারা। এ শহরটি প্রেসিডেন্ট আবু রাবু মনসুর হাদির প্রধান ঘাঁটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার বলেছে, লড়াইয়ে বহু শিশুসহ ৫শ’র বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে ১৮০০ জন এবং ১০ হাজারের বেশি অধিবাসী পালিয়ে গেছে।
