আইএসের হামলায় ১৭ সিরীয় সেনা নিহত
সিরিয়ায় জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৭ জন সেনা নিহত হয়েছেন।
দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসের সেনা তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার এই চোরাগোপ্তা হামলা চালানো হয় বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
নিহত ১৭ সেনার মধ্যে তিন সেনার শিরশ্ছেদ করা হয়েছে। হোমসের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার সকালে দুটি সেনা তল্লাশি চৌকিতে এই হামলা চালানো হয় বলে সিনহুয়া জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পয়বেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি আইএস জঙ্গিদের হতাহতের খবরও দিয়েছে। কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।
সংস্থাটি জানায়, হোমসের সায়েন শহরে সিরীয় সেনাবাহিনী ও আইএস জঙ্গিদের মধ্যে এই লড়াইয়ে উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।
