‘নিষেধাজ্ঞা তোলা ছাড়া পাকা চুক্তি নয়’
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা উঠে যেতে হবে। তবেই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি পাকাপোক্ত হবে।
গত সপ্তাহে সুইস নগরী লুসানে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের একটি খসড়া চুক্তি হয়েছে। চুক্তিটি নিয়ে খামেনি এই প্রথম মন্তব্য করলেন। ইরানের সব রাষ্ট্রীয় বিষয়ে খামেনির বক্তব্যই চূড়ান্ত।
সরাসরি টিভি সম্প্রচারে এক বক্তব্যে ইরানি আলোচকদের ওপর আস্থা প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের অশুভ অভিপ্রায়ের ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আমি চুক্তির পক্ষেও নই বিপক্ষেও নই। বিস্তারিততে সবকিছুই বলা আছে। চতুর অপরপক্ষ আমাদেরকে এর মধ্যে গন্ডিবদ্ধ করে দিতে চায়।”
খামেনির আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও একই কথা বলেছেন। তিনি বলেন, পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল ছয় বিশ্বশক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে সম্মত হবে ইরান।
ইরানের ওপর রয়েছে পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
খামেনি বলেন, “চূড়ান্ত চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে সব নিষেধাজ্ঞাই উঠে যেতে হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়াটা যদি অন্যান্য পক্রিয়ার ওপর নির্ভর করে তাহলে আমরা কেন আলোচনা শুরু করেছিলাম?”
নিষেধাজ্ঞা অবসানের বিষয়টি নতুন প্রক্রিয়ার সঙ্গে যোগ হলে পরমাণু আলোচনা অর্থহীন হয়ে যাবে। আর তাই সব নিষেধাজ্ঞাই চুক্তি চূড়ান্ত করার দিন থেকেই তুলে নিতে হবে বলে দাবি করেন খামেনি।
