ইরাকের আনবারে দুটি এলাকা আইএস মুক্ত
ইরাকের নিরাপত্তা বাহিনী বুধবার আনবার প্রদেশে হামলা শুরুর পর দুটো এলাকা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিমুক্ত করেছে। প্রাদেশিক একটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
প্রাদেশিক রাজধানী রামাদির পূর্বদিকে সাজারিয়া এবং ফালাহাত এলাকাদুটি বৃহস্পতিবার সকালে জঙ্গি মুক্ত করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। এ অভিযানে তাদেরকে সহায়তা করেছে শিয়া-সুন্নি মিলিশিয়ারাসহ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী।
রামাদি এবং কাছের একটি বিমানঘাঁটি হাব্বানিয়াহর মধ্যে আইএস জঙ্গিদের রসদ সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দেয়া ছাড়াও আইএস এর দখলে থাকা রামাদির অংশবিশেষের সঙ্গে জঙ্গি-নিয়ন্ত্রিত ফাল্লুজা শহরের মধ্যকার রাস্তা অবরোধ করাই ছিল অভিযানের উদ্দেশ্য।
সাজারিয়ার লড়াইয়ে অন্তত ৫ সেনা এবং তিন সরকার-নিয়ন্ত্রিত মিলিশিয়া নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৮ জন। অপরপক্ষে লড়াইয়ে আইএস এর ১৪ জঙ্গি নিহত হয়।ধ্বংস হয় তাদের অস্ত্রবাহী ৯ টি যান।
