২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোস্টন বোমা হামলা: সারনায়েভ দোষী

যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌঁড় চলাকালে জোড়া বোমা হামলা মামলায় অভিযুক্ত জোখার সারানায়েভের বিরুদ্ধে আনা ৩০টি অভিযোগের সবগুলোতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 09:08 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

বুধবার ম্যাসাচুসেটস’র ফেডারল আদালত সারানায়েভকে দোষী সাব্যস্ত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এসব অভিযোগের অনেকগুলোতেই তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

২১ বছর বয়সী সারানায়েভ কী শাস্তি পাবেন ম্যাসাচুসেটসের বিচারকরা এখন সেই সিদ্ধান্তটি নিবেন।

২০১৩ সালের এপ্রিলে বোস্টনে ম্যারাথন দৌঁড় চলার সময় একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। দৌঁড়ের শেষ পর্যায়ে ঘটানো এ বিস্ফোরণে তিনজন নিহত ও ২৬৪ জন আহত হয়েছিলেন।

২০০১ সালে নিউ ইয়ের্কের টুইন টাওয়ারে হামলার পর এটি যুক্তরাষ্ট্রে ঘটা সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা।

সারানায়েভের আইনজীবীরা বলেছেন, হামলায় সারানায়েভ একটি ভূমিকা পালন করেছেন সত্য, কিন্তু এর মূলে ছিল তার বড় ভাই তামারলেন সারানায়েভ।

কিন্তু তদন্তকারী সরকারি আইনজীবীরা দুই ভাইকেই সন্ত্রাসী পরিকল্পনার সমান অংশীদার হিসেবে চিহ্নিত করেন। তারা ‍দুজন মুসলিমদেশগুলোতে যুদ্ধের জন্য “আমেরিকাকে শাস্তি” দেয়ার পরিকল্পনা করেছিলেন বলে প্রমাণ করেন সরকারি আইনজীবীরা।

ওই বোমা হামলার পর সারানায়েভ ও তার ভাই গা ঢাকা দেন। পরে তল্লাশিরত পুলিশের সঙ্গে তাদের গোলাগুলিতে তার ভাই তামারলেন ও পুলিশ কর্মকর্তা সিন কোলিয়ার নিহত হন।

আহত অবস্থায় একটি নৌকার মধ্যে শুয়ে আত্মগোপনের চেষ্টাকালে রক্তাক্ত সারানায়েভকে আটক করে পুলিশ।

আহত অবস্থায় সারানায়েভ যে নৌকায় শুয়ে ছিলেন, সেখানে একটি চিরকুটে পাওয়া যায়, তাতে লেখা ছিল, “আমাদের নিরপরাধ লোকদের হত্যা বন্ধ করুন, তখন আমরাও থামবো।”

আদালতে দোষের বিবরণ পড়ে শোনানোর সময় সারানায়েভ মাথা নিচু করে হাত গুটিয়ে বসেছিলেন।

তার কাছেই হামলায় নিহত আট বছর বয়সী মার্টিন রিচার্ডের মা বসে বসে কাঁদছিলেন। আদালতের সিদ্ধান্তের পর রিচার্ডের বাবা এক তদন্তকারী কর্মকর্তাকে জড়িয়ে ধরেন। 

নিহত রিচার্ড পরিবারের সদস্যদের সঙ্গে ম্যারাথন দেখতে গিয়েছিলেন। বোমা বিস্ফোরণের সময় শিশুটি দৌঁড়বিদদের দিকে তাকিয়ে উল্লাস করছিল।

একটি ভিডিওতে দেখা গেছে, ম্যারথন চলাকালে সারানায়েভ প্যাকেটে ভরা একটি বোমা রিচার্ডের পাশে রাখছেন।

নিহত ২৯ বছর বয়সী রেস্তোরা ম্যানেজার ক্রিস্টেল ক্যাম্পবেল দৌঁড়ে অংশগ্রহকারী বন্ধুর জন্য সেখানে গিয়েছিলেন। নিহত অপরজন বোস্টন বিশ্ববিদ্যালয়ের চীনা গ্রাজুয়েট শিক্ষার্থি লু লিংঝি, ম্যারাথন রেসের দর্শক ছিলেন পরিসংখ্যানের এই ছাত্র।

আদালতের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন ম্যাসাচুসেটস এর গভর্নর, আর এতে স্বস্তি প্রকাশ করেছেন বোস্টনের মেয়র মার্টিন ওয়ালশ ও বোস্টনবাসীরা।