২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে একবাড়িতে বাবা ও সাত সন্তানের লাশ

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের প্রিন্সেস এ্যানিতে একটি বাড়িতে রডনি টড নামে একব্যক্তি ও তার সাত শিশুসন্তানের লাশ পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 12:04 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

বিবিসি বলছে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ব্যক্তির সৎবাবা লয়েড এডওয়ার্ড বলেছেন, ৩৬ বছর বয়সী টড তার পরিবারের সদস্যদের উষ্ণ রাখার জন্য একটি জেনারেটর চালু করেন।

বিদ্যুতের বিল বকেয়া হওয়ার কারণে বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। 

তিনি আরো বলেন, টডের দুই ছেলে ও পাঁচ মেয়ে ‘কার্বন মনোক্সাইড গ্যাস গ্রহণের কারণে মারা গেছেন।’

তবে পুলিশ জানিয়েছে, তারা এখনো এই মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য অনুসন্ধান চালাচ্ছেন।

পুলিশ আরো জানিয়েছে, বাড়িটির রান্নাঘরে তারা জ্বালানিহীন অবস্থায় একটি জেনারেটর পেয়েছেন। আর বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলেও তারা জানিয়েছে।

পুলিশ মৃতদেহগুলোর মধ্যে শুধুমাত্র একজনকেই পেয়েছেন যিনি পূর্ণবয়স্ক। বাকি সাত মৃতদেহই শিশুদের। তাদের বয়স ৬ বছর থেকে কিশোর বয়স পর্যন্ত।

এডওয়ার্ড বলেন, বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ার পর তার সৎছেলে এই জেনারেটরটি কিনেছিল।

লয়েড এডওয়ার্ড ও তার স্ত্রী বনি প্রিন্সেস এ্যানিতে তাদের একতলা বাড়ির বাইরে দাঁড়িয়ে এসব কথা বলেন।

স্থানীয় বিদ্যুৎ কোম্পানির একজন মুখপাত্রের কাছ থেকে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল কিনা সেই তথ্য জানা সম্ভব হয়নি।

টডের একজন সহকর্মী যখন জানায় যে, বেশ কয়েকদিন ধরেই টড কাজে আসছেন না, তখন পুলিশ এ ব্যাপারে সন্দিহান হয়ে ওঠে।

কার্বনসমৃদ্ধ কোনোকিছু পোড়ানো হলে রঙ ও গন্ধহীন এই বিষাক্ত গ্যাস নির্গত হয়।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৪ শতাধিক ব্যক্তি অসচেতনভাবে এই কার্বন মনোক্সাইড গ্যাস গ্রহণ করার ফলে মৃত্যুবরণ করেন এবং ৪ হাজারেরও বেশি মানুষ এই গ্যাসের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন।