২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান চুক্তি নিয়ে ভোট দাবি মার্কিন রিপাবলিকানদের

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেসে একটি ভোট আয়োজনের জোর দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

সেইসঙ্গে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে যে খসড়া চুক্তি হয়েছে তা নিয়ে কোনো পর্যালোচনার আগে সেটি চূড়ান্ত রূপ পাওয়ার জন্য অপেক্ষা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তারা।

সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান বব কর্কের বলেন, “দেখুন, প্রেসিডেন্টকে এটা সম্পর্কে আমেরিকার জনগণকে বোঝাতে হবে। সেইসঙ্গে কংগ্রেসকেও এর সঙ্গে সম্পৃক্ত করা উচিত।”

কয়েক মাস ধরে আলোচনার পর বৃহস্পতিবার একটি খসড়া ‍চুক্তির বিষয়ে একমত হয় ইরান ও ছয় বিশ্বশক্তি। জুনে চূড়ান্ত চুক্তি হতে পারে।

যদিও ওই খসড়া চুক্তির কোন সমালোচনা করেননি কর্কের। তবে কি কি বিষয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে এবং কিসের ওপর ভিত্তি করে ওই খসড়া চুক্তি হয়েছে সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার চূড়ান্ত পারমাণবিক চুক্তি পর্যালোচনা ও অনুমোদনের জন্য কংগ্রেসে উত্থাপন করতে প্রয়োজনীয় আইনের ওপর ১৪ এপ্রিল একটি ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

রিপাবলিকান এই নেতা বলেন, তার কমিটিও ভোটের এই পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছে। বিলটি সংসদে উত্থাপন করার পর তা পর্যবেক্ষণের জন্য ৬০ দিন সময় নেয়া হবে। ওই সময়ের মধ্যে ওবামা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন না।

কংগ্রেস চাইলে বিলটিতে অনুমোদন দিতে পারে বা নাও দিতে পারে। কিংবা কোন ব্যবস্থা গ্রহণ নাও করতে পারে।

ইরানের সঙ্গে চু্ক্তির বিষয়ে ইসরায়েলের ঘোর আপত্তি রয়েছে। বেশ কয়েকজন ইহুদি ডেমোক্রেট সিনেটরও চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছেন।

‘ফক্স নিউজ’কে রোববার কর্কের বলেন, বিলের বিষয়ে গুরুত্বপূর্ণ ডেমোক্রাট নেতারাও তাকে সমর্থন দিয়েছেন। ওবামাকে আটকাতে হলে এ বিলের পক্ষে ৬৭ ভোট প্রয়োজন।

“আমি জানিনা আমরা ৬৭ ভোট পাব কিনা….আজ পর্যন্ত আমরা ৬৪ বা ৬৫ ভোটের ব্যাপারে জানতে পেরেছি। আরো বেশ কয়েকজন আছেন যারা বিষয়টি বিবেচনা করে দেখছেন।”

ওদিকে, নিউ ইয়র্ক টাইমস এ দেয়া এক সাক্ষাৎকারে ওবামা কর্কের সঙ্গে কোন ধরনের বিতর্কে জড়াতে চান না বলে জানান এবং একটি সমোঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।