গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে মুশাররফের চ্যালেঞ্জ
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ তার বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন।
শুক্রবার ইসলামাবাদের একটি আদালতে তিনি এ চ্যালেঞ্জ জানান।
লাল মসজিদের ইমাম হত্যা মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়ার পরও শুনানিতে অনুপস্থিত থাকেন মুশাররফ। হাজিরা এড়াতে তার পক্ষ থেকে আদালতে আবেদনও করা হয়। কিন্তু আদালত গত বৃহস্পতিবার সে আবেদন খারিজ করে মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মুশাররফের আইনজীবী আদালতের এ পরোয়ানার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন। এতে বলা হয়েছে, মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর পুলিশ মুশাররফকে নির্দোষ ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে আদালতকে গ্রেপ্তারি পরোয়ানা রহিত করার আবেদন জানানো হয়।
ইসলামাবাদ হাই কোর্টের এক সদস্যের বেঞ্চ সোমবার এ পিটিশনের শুনানি অনুষ্ঠান করবে বলে মনে করা হচ্ছে।
২০০৭ সালে ক্ষমতায় থাকার সময় লাল মসজিদে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মুশাররফ। ওই অভিযানে লাল মসজিদের ইমাম আব্দুল রাশিদ নিহত হন।
এ মামলা ছাড়াও মুশাররফের বিরুদ্ধে সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলা এবং দেশদ্রোহের মামলা আছে।
