২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলা বন্ধের আবেদন রাশিয়া ও রেড ক্রসের

জরুরী মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার জন্য ইয়েমেনে সামরিক তৎপরতা বন্ধ রাখার আবেদন জানিয়েছে রাশিয়া ও রেড ক্রস।

রয়টার্স

রয়টার্স

Published : 05 Apr 2015, 02:09 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

সৌদি আরবের নেতৃত্বে টানা ১১ দিন ধরে বিমান হামলা চলার পর শনিবার এ আবেদন জানিয়েছে পক্ষদুটো।

জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে গত দুই সপ্তাহে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১,৭০০ জন আহত হয়েছেন।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডনের বাসিন্দারা জানিয়েছেন, দুই দিন ধরে শহরটির কয়েকটি অংশে পানি ও বিদ্যুৎ নেই।

ইয়েমেন থেকে বিদেশী বেসামরিক নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেয়ার ও কোনো বিঘ্ন ছাড়াই দেশটিতে দ্রুত মানবিক ত্রাণ পৌঁছনোর সুযোগ দেয়ার দাবীতে বিমান হামলা বন্ধে জোর দিয়ে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে রাশিয়া।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাবটি বিবেচনা করছে বলে রোববার জানিয়েছে বিবিসি। তবে প্রস্তাবটি বিবেচনার জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন নিরাপত্তা পরিষদের সভাপতি দিনা কাওয়ার। কাওয়ার জাতিসংঘে নিযুক্ত জর্দানের রাষ্ট্রদূত।  

অপরদিকে এক বিবৃতিতে দেশটিতে জীবন রক্ষাকারী চিকিৎসা ত্রাণ সরবরাহ নিবিঘ্ন করতে তাৎক্ষণিকভাবে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) ।

চিকিৎসা ত্রাণবাহী রেড ক্রসের তিনটি জাহাজ আটকে রাখা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেছে সংস্থাটি।        

তারা বিবৃতিতে বলেছে, “পুরো দেশজুড়ে সপ্তাহব্যাপী সহিংস লড়াই ও ব্যাপক বিমান হামলার কারণে লোকজন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের কাছে সাহায্য পৌঁছানোর জন্য দেরী না করে অন্তত ২৪ ঘন্টার জন্য আকাশ, স্থল ও জলপথ অবশ্যই উন্মুক্ত করা দরকার।”

এসব আবেদন সত্বেও ইয়েমেনে লড়াই থামার কোনো লক্ষণ দেখা যায়নি।

এডেনের বাসিন্দারা জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর জাহাজগুলো থেকে হুতি বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা সত্বেও হুতিরা এডেন শহরের কেন্দ্রস্থলের আশপাশের এলাকগুলোতে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার হাদির সমর্থকদের জন্য বিমান থেকে প্যারাশুটযোগে অস্ত্র পাঠায় সৌদি জোট। এরপর নতুন অস্ত্রে বলিয়ান হাদি অনুগত যোদ্ধারা এডেনের ক্রাটার এলাকায় প্রথমবারের মতো হুতি ও তার মিত্রদের পিছুঁ হটতে বাধ্য করে।

এ পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, শনিবার রাতে হুতি বাহিনী এডেনের কেন্দ্রীয় মুয়াল্লা এলাকায় প্রবেশ করেছে। এই এলাকায়ই এডেন বন্দরের অবস্থান।

সেখানে ব্যাপক লড়াই হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

গত সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী দখল করে দেশটির যুক্তরাষ্ট্র ও সৌদি সমর্থিত ‍সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে শিয়া হুতি বিদ্রোহীরা। রাজধানী দখলে হুতিদের সমর্থন দেয়ে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র অনুগত সেনাবাহিনীর্ ইউনিটগুলো।

বন্দুকের নলের মুখে হাদিকে প্রেসিডেন্ট পদ থেকে বাধ্য করে বন্দি করে রাখে হুতি যোদ্ধারা। পরে হাদি সানা থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে চলে যান। সেখানে হাদিপন্থি সুন্নি বেসামরিক বাহিনী ও সেনাবাহিনীর হাদি অনুগতরা তাকে সমর্থন দেয়।

এ পর্যায়ে নিজেকে ইয়েমেনের বৈধ প্রেসিডেন্ট বলে দাবী করেন হাদি। হাদির দাবীর প্রেক্ষিতে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরটির দিকে এগোতে শুরু করে হুতি বাহিনী ও সালেহ অনুগত সেনারা। তাদের অগ্রযাত্রা রোধ করতে সৌদি সহায়তা কামনা করেন হাদি।

তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দিয়ে হুতি ও সালেহ অনুগতদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও উপসাগরীয় সুন্নি নয়টি আরব দেশের জোট বাহিনী। বিমান হামলা সমর্থন করে জোট বাহিনীকে পরোক্ষ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।  

কিন্তু এরপরও হুতিদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে এডেন থেকে পালিয়ে সৌদি আরব চলে যান হাদি। গত ১০ দিন ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। অপরদিকে ইয়েমেনের প্রায় অধিকাংশ এলাকা হুতি জোটের দখলে চলে গেছে।