গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা: জড়িত সন্দেহে আটক ৫
কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি সংগঠন আল-শাবাবের নৃশংস হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে।
এছাড়া হামলাকারী চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
কেনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রনালয় জানায়, সন্দেহভাজন কয়েকজন প্রতিবেশী দেশ সোমালিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তারক্ষী।
সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবারের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের অভিযানে অংশ নিচ্ছে কেনিয়ার নিরাপত্তা বাহিনী।
ওই অভিযানের প্রতিশোধ নিতে আল-শাবাব কেনিয়ার বিরুদ্ধে ‘দীর্ঘ মেয়াদী এবং বিভীষিকাময়’ যুদ্ধের ঘোষণা দিয়েছে।
এদিকে হামলার দুইদিন পর শনিবার ১৯ বছর বয়সী এক ছাত্রীকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী রান্না ঘরে থালা-বাসন রাখার আলমারিতে লুকিয়ে ছিল।
পরে সে সাংবাদিকদের জানায়, এই দুইদিন ক্ষুধা লাগলে সে বডি লোশন পান করেছে।
এর আগে শুক্রবার ক্যাম্পাস থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজনকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আটক করা হয়েছে।
আটক ওই দুইজনের একজন তানজানিয়ার নাগরিক এবং দুজনেরই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন ধরণের যোগসূত্র নেই।
ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় মাত্র দুইজন রক্ষী নিয়োজিত ছিল। যদিও আগে থেকেই হামলা হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সতর্কতা জারি করা হয়েছিল।
