২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদে বোকো হারামের হামলায় নিহত ৭ 

চাদের একটি গ্রামে নাইজেরীয় বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছেন।  

রয়টার্স

রয়টার্স

Published : 04 Apr 2015, 04:27 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

চাদ ও নাইজার সেনাবাহিনীর একটি মিলিত দলের তাড়া খেয়ে পালানোর সময় চাদের ওই গ্রামে হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি।
 
শুক্রবার চাদের নিরাপত্তা সূত্রগুলো এ খবর জানিয়েছে। 
 
চলতি সপ্তাহের প্রথম দিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তসংলগ্ন মালাম ফাতোরি শহর থেকে বোকো হারাম জঙ্গিদের হটিয়ে দেয় ওই দেশদুটির যৌথ বাহিনী। মালাম ফাতোরি ছিল বোকো হারাম জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা শেষ বড় ঘাঁটি।    
 
বৃহস্পতিবার মিলিত বাহিনী মালাম ফাতোরি শহরে প্রবেশের পর জোরালো প্রতিরোধ গড়তে পারেনি বোকো হারাম। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় বোকো হারামের কয়েকশ’ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে চাদ। এ সংঘর্ষে চাদের নয় সেনা নিহত ও অপর ১৬ জন আহত হন। 
 
মালাম ফাতোরি থেকে চাদ হ্রদের দিকে পালানোর সময় জঙ্গিরা বৃহস্পতিবার চাদের মাইদোগো গ্রামে হামলা চালায়। এনগোউবুয়ার কাছের ওই গ্রামে জঙ্গিরা সাতজনকে হত্যা করে বলে জানিয়েছেন চাদের নিরাপত্তা সূত্রগুলো। 
 
মাইদোগো গ্রামটি চাদ হ্রদের একটি দ্বীপ। এখানে বোকো হারামের হামলার খবরটি অন্যান্য সামরিক বাহিনীর সূত্রগুলোও নিশ্চিত করেছে। 
 
শুক্রবার নাইজার সেনাবাহিনীর প্রধান জেনারেল সেইনি গারবা বলেছেন, “মালাম ফাতোরিতে পরাজিত হয়ে, বোকো হারামের কিছু জঙ্গি পশ্চিম দিকে পালিয়ে যায়। অন্যরা নৌকা নিয়ে চাদ হ্রদের দিকে পালিয়ে যায়।”
 
ফেব্রুয়ারিতে চাদ হ্রদের তীরের মৎসশিকারজীবী গ্রাম এনগোউবুয়ায় হামলা চালিয়েছিল বোকো জঙ্গিরা। সেটি ছিল চাদের ভূখণ্ডে বোকো জঙ্গিদের চালানো প্রথম হামলা।  
 
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কট্টরপন্থি ইসলামি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বোকো হারাম। উগ্রপন্থি এই গোষ্ঠীটির হামলায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। 
 
সম্প্রতি নাইজেরিয়া, চাদ, নাইজার ও ক্যামেরুনের মিলিত বাহিনীর অভিযানে বোকো হারাম দেশগুলোর সীমান্ত এলাকার অবস্থানগুলো থেকে উৎখাত হচ্ছে। এরই মধ্যে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ অবস্থান থেকে বোকো হারামকে হটিয়ে দেয়া হয়েছে।