২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড নিয়ে ৩০ বছর কারাগারে, অতঃপর খালাস

মৃত্যুদণ্ড নিয়ে ৩০ বছর জেলে থেকে অবশেষে খালাস পেলেন যুক্তরাষ্ট্রের আলবামার একজন ব্যক্তি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 11:54 AM

Updated : 12 Oct 2022, 03:30 PM

বিবিসি বলছে, ৫৮ বছর বয়সী অ্যান্টনি রে হিন্টনকে ১৯৮৫ সালে বার্মিংহামের একটি রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আর্থিক কারণে বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগ করতে পারেননি হিন্টন। আর এ কারণে মামলায় তিনি সুবিচার পাননি।

২০১৪ সালে হিন্টনের মামলাটির পুনরায় বিচার হলে তিনি নির্দোষ প্রমাণিত হন।

ঘটনাস্থলে পাওয়া গুলিগুলো হিন্টনের বাড়িতে পাওয়া আগ্নেয়াস্ত্রের নয় বলে প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে দেয়া হয়।

হিন্টনের আইনজীবী ব্রায়ান স্টিভেনসন বলেন, তার মক্কেল ভালো আইনজীবী নিয়োগ করতে না পারায় অভিযুক্ত হয়েছিলেন।

বার্মিহামের জেফারসন কাউন্ট্রি কারাগার থেকে হেঁটে বের হয়ে হিন্টন পরিবারের সদস্যদের সঙ্গে আলিঙ্গন করে বলেন, ‘যিশুকে ধন্যবাদ’।

কেন প্রায় তিনদশক সময়ের মধ্যেও তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এ প্রসঙ্গে হিন্টন বলেন, “আগ্নেয়াস্ত্রটির পরীক্ষার ওপরই ছিল তাদের সবকিছু।”

ঘটনাস্থলে পাওয়া গুলিই ছিল হিন্টনের সঙ্গে ওই জোড়াখুনের একমাত্র যোগসূত্রমূলক প্রমাণ।

আইন কর্মকর্তারা বলেছেন, জনাব হিন্টনের বাড়িতে পাওয়া রিভলবারের সঙ্গে এই গুলিগুলোর কোনো সম্পর্ক খুঁজে পেতে আধুনিক ফরেনসিক মেথড ব্যর্থ হয়েছে।

আইনজীবী স্টিভেনসন বলেন, “রাষ্ট্র তার (হিন্টন) কাছ থেকে প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর কেড়ে নিয়েছে, এমন কিছু কেড়ে নিয়েছে যা ফিরিয়ে দেয়ার শক্তি তাদের নেই।”

প্রথম দফা বিচারে হিন্টনের আইনজীবী বিশ্বাস করেছিলেন আইন কর্মকর্তারা গুলির ব্যাপারে তার মক্কেলকে জড়িয়ে যে অভিযোগ তুলেছেন তা খণ্ডাতে বিশেষজ্ঞ নিয়োগ করতে তার মক্কেলের কাছে মাত্র ১ হাজার ডলার রয়েছে।

আইনজীবী এই পরিমাণ অর্থে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেন। কিন্তু ওই বিশেষজ্ঞ জেরার মুখে যথাযথ উত্তর দিতে না পারায় আদালতে হাস্যরসের সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৪ সালে ঘোষণা করে, জনাব হিন্টন প্রথম দফা বিচারে যথাযথ আইনি সহায়তা পাননি। এ কারণে মামলাটির পুনরায় বিচার করা উচিৎ।