২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাজ্য: স্নোডেন

যুক্তরাজ্য বেশ কয়েক বছর আর্জেন্টিনা সরকারের ওপর গোয়েন্দাগিরি করেছিল। এমনটাই দাবি সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের। এ সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 08:55 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আর্জেন্টিনা আবারো ফকল্যান্ড দ্বীপ নিজেদের বলে দাবি করে কিনা তা নিয়ে দুঃশ্চিন্তায় ছিল যুক্তরাজ্য।

স্নোডেনের দাবি, যুক্তরাজ্য ২০০৬ সাল থেকে ২০১১ সালের মধ্যে আর্জেন্টিনার ওপর গোয়েন্দাগিরি করেছে।

তবে স্নোডেনের এ দাবির পরিপ্রেক্ষিতে কোন দেশই এখন পর্যন্ত তাদের প্রতিক্রিয়ায় জানায়নি।

যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কর্মসূচির অনেক সংবেদনশীল তথ্য ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী ঝড় তুলেছিলেন স্নোডেন। বর্তমানে রাশিয়ায় বাস করছেন তিনি।

আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত ফকল্যান্ড দ্বীপ (যেটা দক্ষিণ আমেরিকায় লাস মালভিনাস নামে পরিচিত) ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত।

ফকল্যান্ড দ্বীপের দাবি নিয়ে ১৯৮২ সালে যুদ্ধ করেছিল যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। যুদ্ধের নয়শ’র বেশি সেনা প্রাণ হারায়, যাদের বেশিরভাগ ছিল আর্জেন্টিনার সেনা।

গতমাসে যুক্তরাজ্য সরকার ঘোষণা দেয়, দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করছে তারা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব মাইকেল ফ্যালন বলেন, “ফকল্যান্ড দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে আমরা আগামী ১০ বছরে সেখানে ২৮ কোটি পাউন্ডের বেশি অর্থ ব্যয় করব। ভবিষ্যতে যে কোন ধরনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এর জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ বলেন, ফকল্যান্ড দ্বীপের প্রতিরক্ষা নিয়ে যুক্তরাজ্যের বেশি চিন্তা না করে নিজ দেশের দরিদ্র জনগণের সাহায্যে তাদের বেশি মনযোগ দেয়া উচিত।

ফকল্যান্ড যুদ্ধে নিহত নিজেদের সেনাদের স্মরণে এক অনুষ্ঠানে ফার্নান্দেজ বলেন, “দুঃশ্চিন্তা করবেন না। লাস মালভিনাসের সুরক্ষায় আর একটি পয়সাও ব্যয় করবেন না।”

“বরং নিজেদের জনগণের খাদ্য নিশ্চিত করতে অর্থ ব্যয় করুন। নিজেদের তরুণদের চাকরি নিশ্চিত করতে এবং যু্ক্তরাজ্যের নাগরিকদের একটি উন্নত জীবন দিতে অর্থ ব্যয় করুন। কারণ, আমরা কারো জন্য কোনো হুমকি না।”

তবে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তারা ফকল্যান্ড দ্বীপের কাছে কার্যক্রম পরিচালনাকারী তেল কোম্পানিরগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

“কোম্পানিগুলো আর্জেন্টিনার ভূখণ্ডে অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।” এ সপ্তাহে শুরুতে যুক্তরাজ্যের তিনটি তেল কোম্পানি দ্বীপের উত্তর দিকে নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে।