২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও বিশ্বশক্তির সমঝোতা

পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও ছয় বিশ্বশক্তি একটি খসড়া সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর সুইজারল্যান্ডে এই সমঝোতা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 10:14 AM

Updated : 12 Oct 2022, 03:30 PM

বিবিসি বলছে, এই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনবে। বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়া হবে।

এ প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইরানের সঙ্গে ‘ঐতিহাসিক সমঝোতায়’ পৌঁছানো গেছে।

সুইজারল্যান্ডের লুসানে আটদিনের দীর্ঘ আলোচনার পর সমঝোতার খসড়া ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন ও ইরান।

খসড়া চুক্তিতে বলা হয়েছে, ইরান তার পারমানবিক শক্তি এক তৃতীয়াংশ কমিয়ে আনার শর্তে পর্যায়ক্রমে পশ্চিমা অবরোধ তুলে নেয়া হবে।

দীর্ঘ বানাদুবাদের পর এই বিষয়েই শেষপর্যন্ত সমঝোতা হয়েছে।

আটদিনের দীর্ঘ আলোচনা শেষে ইরান তার ইউরেনিয়ামের মজুদ দুই তৃতীয়াংশ কমিয়ে আনার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের সব ধরনের পরমাণু স্থাপনা ও ব্যবস্থাপনা পরিদর্শন ও পর্যবেক্ষণ করতে পারবে।

সেই সঙ্গে ইরান তার অব্যবহৃত ইউরেনিয়াম এই সংস্থার কাছে তুলে দেবে।

এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে একে একে নিষেধাজ্ঞা তুলে নেবে।

অবশ্য ইরান যদি এই শর্তগুলো লঙ্ঘণ করে তবে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইরানের পরমাণু ইস্যু নিয়ে বিরতি দিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দীর্ঘদিন ধরে জারি থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে ইরান অনমনীয় অবস্থান থেকে সরে এসেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, দুইপক্ষই পারস্পরিক অবিশ্বাস নিয়ে এতদিন কাটিয়েছে। কিন্তু এবার তাতে পরিবর্তন ঘটতে যাচ্ছে।

সমঝোতার খসড়ার ব্যাপারে ইরান ও বিশ্বশক্তি সম্মত হলেও এর খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আরো আলোচনা চলবে। এরপর ৩০ জুনের মধ্যে আনুষ্ঠানিক একটি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

এরআগে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময় একদিন বাড়ানো হলেও তাতে কাঙ্ক্ষিত খসড়া চুক্তিতে পৌঁছতে পারেনি দুপক্ষ। 

লুসানের বেউ-রিভেজ প্যালেস হোটেলে ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনা চলে।

৩১ মার্চ মঙ্গলবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও চুক্তির পথে আলোচনা অনেকদূর এগিয়ে যাওয়ায় সময় বাড়ানো হয়েছিল।

বুধবার দিনব্যাপী আলোচনা চলে। ওইদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আলোচনায় ধারাবাহিক অগ্রগতি হলেও রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো যায়নি। তাই আলোচনা চালিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী কেরি অন্ততপক্ষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লুসানে অবস্থান করবেন।”

শেষপর্যন্ত একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর মধ্যদিয়ে ইরানের সঙ্গে পশ্চিমামহলের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।