২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি দলগুলোতে রয়েছে ২৫,০০০ বিদেশি যোদ্ধা’

বিশ্বের ১শ’ টি দেশ থেকে ২৫ হাজারেরও বেশি বিদেশি যোদ্ধা আল কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি দলে যোগ দিতে  গেছে বলে জানানো হয়েছে জাতিসংঘের একটি প্রতিবেদনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

এতে বলা হয়েছে, ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৫ সালের মার্চের মধ্যে বিশ্বব্যাপী বিদেশি যোদ্ধার সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে।

বিদেশি যোদ্ধারা বেশিরভাগই গেছে ইরাক এবং সিরিয়ায়। আইএস সিরিয়া এবং ইরাকে পরাজিত হলে বিদেশি এই যোদ্ধারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে প্রতিবেদনে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ছয়মাস আগে বিশেষজ্ঞদেরকে আইএস এবং অন্যান্য জঙ্গি গ্রুপগুলোতে যোগ দেয়া বিদেশি যোদ্ধাদের হুমকি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছিল।

নিরাপত্তা পরিষদে গত মাসে জমা দেয়া প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, গত এক দশকে বিদেশি যোদ্ধাদের সংখ্যা কয়েক হাজার বেড়েছে। আর এখন সংখ্যার দিক থেকে তা ইতিহাসে সবচেয়ে বেশি।

সিরিয়া এবং ইরাকে আছে ২২ হাজার বিদেশি যোদ্ধা। আর আফগানিস্তানে আছে ৬ হাজার ৫শ’ যোদ্ধা, ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান এবং সোমালিয়া মিলিয়ে আছে কয়েকশ’ যোদ্ধা।