২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল হয়েও ফের শক্তি সঞ্চয় অস্ট্রেলীয় ঘূর্ণিঝড়ের

স্থলে আঘাত হানার তিনদিন পরও ঘূর্ণিঝড় নাথান অস্ট্রেলীয় উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য হুমকির কারণ হয়ে আছে।

রয়টার্স

রয়টার্স

Published : 23 Mar 2015, 12:32 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

শুক্রবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছিল নাথান। কিন্তু পূর্বাঞ্চল অতিক্রম করে উত্তরাঞ্চলের পথে আবার সাগর পড়লে ফের শক্তিশালী হয়ে ওঠে ঘূর্ণিঝড়টি। 

নাথান ফের শক্তি সঞ্চয় করছে আবহাওয়াবিদরা এমন সতর্কতা জারি করার পর সোমবার উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপের ৪০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। 

ফেব্রুয়ারি শেষ দিকেও গুলবার্ন নামের এ দ্বীপটিতে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দ্বীপবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। 

নর্দান টেরিটরি পুলিশের আঞ্চলিক নিয়ন্ত্রক দপ্তরের কমান্ডার ব্রুস পোর্টার বলেছেন, “লোকজনকে জোরপূর্বক সরিয়ে দেয়ার ক্ষমতা পুলিশের আছে। অবশ্য এলাকার বাসিন্দারা সরে যাওয়ার বিষয়ে পুলিশকে সহায়তা করছে।” 

দ্বীপটি আঞ্চলিক প্রধান শহর ডারউইন থেকে ৩০০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। বিরল জনবসতির এই দ্বীপটির অধিকাংশই জলাভূমি। এসব জলাভূমিতে প্রচুর কুমির, মাছ, ডুগং (সাগর গাভী) ও কচ্ছপের বসবাস। 

ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো স্থলে আঘাত হানার পর সাধারণত দুর্বল হয়ে পড়ে। শক্তির প্রাথমিক উৎস উষ্ণ পানি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়াই এর কারণ। 

এই কারণেই দেশের ভিতরের অংশ থেকে উপকূলীয় এলাকার বসতিগুলো ঘূর্ণিঝড়ের কবলে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নাথান উত্তরপশ্চিম দিকে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে এবং ফের স্থলে আঘাত হানার আগে খোলা সাগর থেকে শক্তি সঞ্চয় করছে। 

সোমবার রাতে অথবা মঙ্গলবার দিনের শুরুতে স্থলে আঘাত হানার সময় ঝড়টি তিনমাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন তারা। এ সময় বাতাসের বেগ ১৬৫ কিলোমিটার থেকে ২২৪ কিলোমিটার হতে পারে বলে আভাস দেয়া হয়েছে।