ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ‘ভেবে দেখবে’ যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্যর পর যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘নতুন করে ভেবে দেখবে’ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবারের ভোটে টানা চতুর্থবারের মত ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নেতানিয়াহু।
নির্বাচনী প্রচারণার শেষ দিন নেতানিয়াহু বলেছিলেন, ফের নির্বাচিত হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি তিনি মেনে নেবেন না।
বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোন করেন ওবামা। যদিও ওবামার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়, নেতানিয়াহুকে শুভেচ্ছা জানাতেই ফোন করেছিলেন ওবামা।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্ট ওবামা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন সমস্যা সমাধানে নেতানিয়াহুর নতুন অবস্থান ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বর্তমান সম্পর্কের বিষয়টি পুনঃপর্যালোচনা করে দেখা প্রয়োজন।”
ওই ফোনালাপের পর আনুষ্ঠানিকভাবে প্রদত্ত বিবৃতিতে ‘সমস্যার দ্বি-রাষ্ট্রিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিশ্রুতির’ বিষয়টিও ওবামা গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এরই মধ্যে বলেছেন, নেতানিয়াহু নির্বাচনী প্রচারণার শেষ দিনে দেয়া বক্তব্যে অটল থাকেন কিনা তারা তা দেখার অপেক্ষায় আছেন।
ওদিকে, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি এক-রাষ্ট্র সমাধানের দাবি করছি না। আমি একটি টেকসই এবং শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্রিক সমাধান চাই। আমি আমার কৌশলে পরিবর্তন আনিনি।”
ওবামা প্রশাসনের সমালোচনার বিষয়টি উড়িয়ে দিয়ে নেতানিয়াহু আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ‘সম্পর্ক কখনো ভাঙার নয়’।
“আমেরিকার ইসরায়েলের চেয়ে বড় মিত্র আর নেই এবং ইসরায়েলেরও আমেরিকার চেয়ে বড় মিত্র নেই। আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। আমাদেরকে তা করতেই হবে।”
